২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে আত্মবিশ্বাস বেড়েছে জিম্বাবুয়ের

জয় দিয়ে বাংলাদেশ সফর শুরু করেছে জিম্বাবুয়ে। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের এই জয় স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রেইগ আরভিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৭ রান করে বিসিবি একাদশ। জবাবে ৪৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। 
 
৯৯ বলে ৯৫ রানের চমৎকার এক ইনিংস খেলা আরভিন ম্যাচ শেষে জানান, জয় দিয়ে সফর শুরু করতে পারায় খুশি তারা।
 
“জয় দিয়ে সফর শুরু করতে পারা সব সময়ই খুব ভালো। বিশেষ করে কয়েকটি উইকেট হাতে রেখে বড় লক্ষ্য তাড়া করে জেতায়। এটা আমাদের জন্য ভালো অনুশীলন ছিল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলা কখনোই সহজ নয়। তবে এই জয় ওয়ানডে সিরিজে আমাদের ভালো আত্মবিশ্বাস জোগাবে।”  
 
নিজেদের সর্বশেষ সিরিজে আফগানিস্তানের কাছে হেরেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সফরে সেই তিক্ত স্মৃতি ভুলতে চান আরভিন।
 
বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে জিম্বাবুয়ের বেশ কয়েকজন খেলোয়াড়ের। সেই অভিজ্ঞতা এবার খুব কাজে লাগবে বলে মনে করেন আরভিন।
 
“খেলার অভিজ্ঞতা থাকাটা খুব কাজে লাগে। দলে অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি সব সময়ই ভালো।”