প্রস্তুতি ম্যাচের হার ভাবাচ্ছে না ইমরুলকে
প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হার নিয়ে মোটেও ভাবছেন না উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অতিথিদের কাছে ৭ উইকেটে হারে শক্তিশালী বিসিবি একাদশ। এই দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৭ রান করে বিসিবি একাদশ। সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৫৬ রান করা ইমরুল জানান অনুশীলনটাকেই বড় করে দেখছেন তারা, “এটা অনুশীলন ম্যাচ। হার-জিতের থেকে বড় কথা মুশফিক রান করছে, সবাই রান করছে..যারা ওয়ানডে খেলেছে তাদের সবার জন্য ভালো হল।”
“অনুশীলন ম্যাচে দলের দ্বাদশ ও ত্রয়োদশ খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া হয়। আমার মনে হয়, এটার পারফরম্যান্স নিয়ে চিন্তা না করাই ভালো,” যোগ করেন তিনি।
২০ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ডেঙ্গু থেকে সেরে উঠা মাশরাফি একটি মেডেনসহ ৭ ওভার বল করে দেন ৩১ রান। ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা এই পেসার কোনো উইকেট পাননি।
ইমরুলের বিশ্বাস শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডেতে স্বরূপেই দেখা যাবে অধিনায়ককে।
“এটা উনার (মাশরাফি) জন্যে একটু কঠিন। ডেঙ্গু থেকে সেরে উঠে আবার মাঠে এসে ম্যাচ খেলা। শেষ কয়েকদিন উনি অনুশীলন করেছেন ভালোমত। প্রথম কয়েক ওভার আজকে ভালো বোলিং করেছে। আমার মনে হয়, ওয়ানডেতে উনি অনেক ভালোভাবে ফিরবেন।”
