২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্যর জায়গায় দলে ফিরলেন ইমরুল

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ। পাঁজরের চোটের কাছে হার মেনেছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। তার জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে দলে নিয়েছেন নির্বাচকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার সৌম্যর জায়গায় ইমরুলকে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এদিনই জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ৬৪ বলে ৫৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন ইমরুল। গত মার্চে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি।

মঙ্গলবার দলের অনুশীলনে বাঁ পাঁজরে ব্যথা পান সৌম্য সরকার। ব্যথাটা না কমায় বুধবার সকালে এমআরআই করানো হয় তার। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর প্রথম দুই ওয়ানডের দল থেকে সরিয়ে নেওয়া হয় সৌম্যকে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি জানান, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সৌম্যকে। জিম্বাবুয়ের সিরিজে খেলা হবে না বাঁহাতি এই মারকুটে ব্যাটসম্যানের।

বুধবার অনুশীলনে ব্যাটিং করে নিজের অবস্থা পরখ করতে চেয়েছিলেন সৌম্য। কিন্তু অস্বস্তিটা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত আর ব্যাটিং করতে পারেননি।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানেডে।