২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখতে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 03:30 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন। সফরে তার সঙ্গে আছেন আইসিসি ইভেন্টস প্রধান ক্রিস টেটলি, নিরাপত্তা উপদেষ্টা শন নরিস ও রেগ ডিকাসন।
 
বৃহস্পতিবার আইসিসির প্রতিনিধি দল যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে দেখা করবে। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রিচার্ডসনদের নিজেদের নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানাবে। 
 
শুক্রবার কক্সবাজারে যাবে আইসিসির প্রতিনিধি দলটি। সেখান থেকে ঢাকায় ফিরে দুটি নিরাপত্তা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে তারা। এরপর বিসিবির সঙ্গে সর্বশেষ একটি সভা করবে আইসিসির দলটি।
 
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়ার পুরুষ দল ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল বাংলাদেশ সফল স্থগিত হলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আইসিসির নেই। 
 
অক্টোবরে দুবাইয়ে আইসিসির সভা শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও নিশ্চিত করা হয়েছিল, বাংলাদেশেই হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
 
বিসিবির যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস জানান, আইসিসির প্রতিনিধি দলের এবারের সফর রুটিন। প্রতিটি বড় ইভেন্টের আগে এটা হয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তারা এসেছিলেন। আমি আত্মবিশ্বাসী, আমাদের প্রস্তুতি দেখে ওনারা সন্তুষ্ট হবেন।”
 
আগামী শনিবার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে আইসিসি প্রতিনিধি দলের।
 
আগামী ২২ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।