২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সিরিজে টিকেটের দাম কমল

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাশরাফিদের সর্বশেষ দুই সিরিজের চেয়ে কম দামে টিকেট পাওয়া যাবে এবার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 02:52 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

পাকিস্তানে বিপক্ষে বাংলাদেশের সফল সিরিজের পর ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে টিকেটের দাম বাড়ানো হয়েছিল।
 
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে টিকেট পাওয়া যাবে সর্বনিম্ন ১০০ টাকায়। আগের দুই সিরিজে সর্বনিম্ন টিকেটের দাম ছিল দেড়শ’ টাকা। 
 
জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবারের সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে এল্টন চিগুম্বুরার দল।
 
ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে ইউসিবির প্রগতি সরণী, মিরপুর রোড, শান্তিনগর, উত্তরা ও মিরপুর শাখায়। তবে কেবল মিরপুর শাখায় সরাসরি টিকেট কেনা যাবে। অন্য সব শাখায় ইউক্যাশে কেনা টিকেট সংগ্রহ করা যাবে।
 
ইউক্যাশে টিকেট বিক্রি শুরু হয়েছে। সরাসরি টিকেট কেনা যাবে শুক্রবার থেকে। 
 
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকেটের দাম:
 
গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড:
১৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা
 
এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে টিকেটের ক্রেতাকে।