ব্যাটিংয়ে শীর্ষে শাহরিয়ার, বোলিংয়ে সানজামুল
জাতীয় লিগের সপ্তদশ আসরের সফলতম ব্যাটসম্যান বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। আর সেরা বোলার বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
ব্যাটিং
শেষ ম্যাচের আগেও সবচেয়ে বেশি রানের তালিকায় শুরুর দিকে ছিলেন না শাহরিয়ার নাফীস। কিন্তু শেষ ম্যাচের অসাধারণ সাফল্যে ছাড়িয়ে গেছেন সবাইকে। দুই ইনিংসেই খেলেছেন দেড়শ' ছাড়ানো ইনিংস, এক ম্যাচেই করেছেন ৩৪২ রান!
জাতীয় দলের বাইরে থাকা আরেক টপ অর্ডার ব্যাটসম্যান শামসুর রহমান আছেন দুই নম্বরে। প্রথম দুই ম্যাচে বড় রান রান পেলেও পরের চার ম্যাচের তিনটিতেই করেছেন শতক। সিলেটের অভিজ্ঞ ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন ৭ মৌসুম পর আবার করেছেন লিগে পাঁচশর বেশি রান করেছেন।
ব্যাটসম্যানদের সেরা দশে চমক জাগানিয়া দুই নাম আল আমিন ও নাজমুল হোসেন। লিগজুড়েই দারুণ ধারাবাহিক ছিলেন বরিশালের ২২ বছর বয়সী ব্যাটসম্যান আল-আমিন। রানের তালিকায় তিনি চারে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন তার সম্ভাবনার প্রমাণ রেখেছেন আরও।
২ ম্যাচ খেলেই রানের তালিকায় সাতে থেকে গেছেন মোসাদ্দেক হোসেন!
সেরা ১০ ব্যাটসম্যান
ব্যাটসম্যান | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | ১০০/৫০ |
শাহরিয়ার নাফীস | ৬ | ১১ | ৭১৫ | ১৭৪* | ৭৯.৪৪ | ২/৪ |
শামসুর রহমান | ৬ | ১০ | ৫৭৮ | ১৪৪ | ৫৭.৮০ | ৩/২ |
ইমতিয়াজ হোসেন | ৬ | ১০ | ৫১৮ | ১৫৪ | ৫১.৮০ | ২/১ |
আল-আমিন | ৬ | ১০ | ৪৮৭ | ১৫৭ | ৪৮.৭০ | ১/৪ |
ফজলে মাহমুদ রাব্বি | ৬ | ১১ | ৪৩৭ | ১৩৩ | ৩৯.৭২ | ২/১ |
নাজমুল হোসেন | ৫ | ৯ | ৪২৪ | ১০১ | ৫৩.০০ | ১/৪ |
মোসাদ্দেক হোসেন | ২ | ৪ | ৪২৩ | ২০০* | ১৪১.০০ | ২/১ |
মুমিনুল হক | ৫ | ৭ | ৪০৬ | ২৩৯ | ৫৮.০০ | ১/১ |
তাসামুল হক | ৫ | ৬ | ৪০৪ | ১৩৪* | ৮০.৮০ | ২/২ |
মার্শাল আইয়ুব | ৬ | ১০ | ৩৯৭ | ১১৫* | ৪৪.১১ | ২/১ |
বোলিং:
বোলিংয়ে সানজামুল ইসলাম ধারাবাহিক ছিলেন শুরু থেকেই। তবে আসল চমক ছিলেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেল অধিনায়ক শেষ ম্যাচ খেলতে না পারলেও আছেন দুইয়ে!
সেরা দশে যথারীতি স্পিনারদেরই জয়-জয়কার, একমাত্র পেসার বরিশালের তৌহিদুল ইসলাম!
সেরা ১০ বোলার :
বোলার | ম্যাচ | ওভার | উইকেট | সেরা | গড় | ৫/১০ |
সানজামুল ইসলাম | ৬ | ২৫৯.৩ | ৩৯ | ৮/১০৬ | ২০.১৫ | ২/১ |
মেহেদি হাসান মিরাজ | ৫ | ২২১.৩ | ৩০ | ৬/৫০ | ১৬.৪৩ | ৩/১ |
আব্দুর রাজ্জাক | ৬ | ৩৭৭.২ | ২৮ | ৫/১২৭ | ৩৫.৮২ | ১/০ |
মোশাররফ হোসেন | ৬ | ২৮৭.৩ | ২৭ | ৭/১১৯ | ৩০.৩৩ | ৩/০ |
সোহাগ গাজী | ৬ | ২৫৪.৩ | ২৩ | ৫/১১২ | ২৭.৩০ | ২/০ |
তানভীর হায়দার | ৬ | ১৬০.৩ | ১৯ | ৪/৬২ | ২৫.৬৮ | ০/০ |
রাহাতুল ফেরদৌস | ৬ | ১৬৫ | ১৮ | ৫/৮০ | ৩১.১৬ | ১/০ |
নাবিল সামাদ | ৬ | ২৩২.৩ | ১৮ | ৪/১০১ | ৩৫.১৬ | ০/০ |
সঞ্জিত সাহা | ৩ | ৯৮.৫ | ১৪ | ৭/৬৪ | ১৪.২১ | ১/১ |
আরাফাত সানি | ৩ | ১২০.২ | ১৪ | ৬/৯৬ | ২০.১৪ | ১/০ |
তৌহিদুল ইসলাম | ৬ | ১১৫ | ১৪ | ৬/৩১ | ২৪.৪২ | ২/০ |
অলরাউন্ডার
সেরা অলরাউন্ডারের লড়াইয়ে রাখা যায় দুজনকে। অফ স্পিনে ৩০ উইকেটের পাশাপাশি ২৪৬ রান করেছেন খুলনার মিরাজ। আর লেগ স্পিনে ১৯ উইকেটের পাশে ব্যাট হাতে ২৮২ রান করেছেন রংপুরের তানভীর হায়দার।
এছাড়াও রংপুরের সোহরাওয়ার্দী শুভ রান করেছেন ৩২৫, উইকেট ১০টি। রাজশাহীর ফরহাদ হোসেন রান করেছেন ৩৯৪, উইকেট ৮টি। সোহাগ গাজী ২৬০ রান ও ২৩ উইকেট, অলক কাপালি ২৭৪ রান ও ১০ উইকেট। বরিশালের সালমান হোসেন ৩৪৮ রান ও ৯ উইকেট ও ঢাকা মেট্রোর শরিফুল্লাহ ২৪৯ রান করার পাশাপাশি নিয়েছেন ১৩ উইকেট।
জাতীয় লিগের আরও টুকিটাকি
* ২৪ ম্যাচের ৮টিতেই কেবল জয়-পরাজয় নির্ধারিত হয়েছে, ১৬ ম্যাচ ড্র।
* প্রথম স্তরে একাধিক ম্যাচ জেতেনি কোনো দল। দ্বিতীয় স্তরে দুটি করে ম্যাচ জিতেছে বরিশাল ও রাজশাহী। প্রথম স্তরে কোনো ম্যাচই জেতেনি রংপুর, দ্বিতীয় স্তরে জয়শূন্য সিলেট।
* পাঁচশ ছাড়ানো ইনিংস ছিল দুটি। সিলেটের বিপক্ষে বরিশাল ৫২৭/৯ ও ঢাকা বিভাগের বিপক্ষে খুলনা ৫০৬/৭।
* এবার শতক হয়েছে ৪০টি। এর মধ্যে দ্বিশতক দুটি, বরিশালের মোসাদ্দেক হোসেন ২০০* ও চট্টগ্রামের মুমিনুল হক ২৩৯।
* ম্যাচে জোড়া শতক করেছেন ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব ও বরিশালের শাহরিয়ার নাফীস।
* সবচেয়ে বেশি ৩টি শতক করেছেন ঢাকা মেট্রোর শামসুর রহমান।
* সবচেয়ে বেশি ৩ বার শূন্য রানে আউট হয়েছেন ঢাকা মেট্রোর মেহরাব হোসেন ও সিলেটের খালেদ আহমেদ।
* ২ ম্যাচ খেলেই ১৭টি ছক্কা মেরেছেন মোসাদ্দেক, লিগে সবচেয়ে বেশি। ১২টি ছক্কা মেরে দুইয়ে খুলনার ইমরুল কায়েস।
* বোলাররা ৫ উইকেট পেয়েছেন ১৯ বার, সেরা বোলিং সাজামুলের ৮/১০৬। ৩ বার করে ৫ উইকেট পেয়েছেন ঢাকা বিভাগের মোশাররফ হোসেন ও খুলনার মেহেদি হাসান মিরাজ।
* ম্যাচে ১০ উইকেট হয়েছে ৩ বার। ম্যাচ-সেরা বোলিং রংপুরের ১৭ বছর বয়সী অফ স্পিনার সঞ্জিত সাহার ১১/১০১।
* একাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে সেরা বোলিং গড় খুলনার মুস্তাফিজুর রহমানের। ৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছেস ১৩.১৬ গড়ে।
* সবচেয়ে বেশি ডিসমিসাল ঢাকা বিভাগের সগীর হোসেনের, ১৫টি।
* উইকেটকিপার ছাড়া সবচেয়ে বেশি ক্যাচ ইমরুল কায়েসের, ১১টি।
* দুশ রানের জুটি হয়েছে চারটি। সবচেয়ে বড় জুটি শেষ রাউন্ডের চট্টগ্রামের বিপক্ষে বরিশালের শাহরিয়ার নাফীস ও ফজলে রাব্বির ২৮৩ রানের জুটি।
* ১৭টি আসরে এই নিয়ে চারবার শিরোপা জিতল খুলনা। ৫ বার করে জিতেছে ঢাকা বিভাগ ও রাজশাহী। প্রথম জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম। একবার করে জিতেছে বাংলাদেশ বিমান ও রংপুর।
