নাফীসের জোড়া শতকে প্রথম স্তরে বরিশাল
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠেছে বরিশাল। দলকে প্রথম স্তরে নিয়ে যেতে চট্টগ্রামের বিপক্ষে ড্র ম্যাচে দুই ইনিংসেই শতক করেন উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।
ষষ্ঠ রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়ে প্রথম স্তরে উঠে বরিশাল। জাতীয় লিগের সপ্তদশ আসরের খেলা শেষে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বরিশাল।
আগের দিন সিলেট বিভাগের বিপক্ষে ১০ উইকেটের জয় পাওয়া রাজশাহী ৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিলেট আর ৩৫ পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে এবারের আসর শেষ করেছে চট্টগ্রাম।
মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৮ উইকেটে ৪২৩ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ৪৮৯ রান করা বরিশাল তখনও ৬৬ রানে এগিয়ে ছিল।
চতুর্থ দিন মাত্র ৩ ওভার স্থায়ী হয় চট্টগ্রামের ইনিংস। এদিন ২ রান যোগ করেই শেষ দুই উইকেট হারিয়ে ৪২৫ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। তাদের শেষ দুই উইকেটই নেন অফ স্পিনার সোহাগ গাজী।
১৩৪ রানে ৫ উইকেট নিয়ে সোহাগই বরিশালের সেরা বোলার।
৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান করে। এরপর দুই অধিনায়কই ড্র মেনে নেন।
৬৯ রানে তিন উইকেট হারানো বরিশালের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। তবে আল আমিন জুনিয়রের সঙ্গে ১২২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন নাফীস। ৬৮ রান করে আল আমিন ফিরে গেলেও অবিচল থাকেন প্রথম ইনিংসে ১৬৮ রানের চমৎকার এক ইনিংস খেলা নাফীস।
সোহাগ গাজীর সঙ্গে ৫৩ রানের জুটিতে ম্যাচে নিজের দ্বিতীয় শতকে পৌঁছান নাফীস। শেষ পর্যন্ত ১৭৪ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ২০৯ বলের ইনিংসটি ২১টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
বাংলাদেশে অষ্টম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে দুই ইনিংসেই শতকের কৃতিত্ব দেখালেন নাফীস। এবারের আসরে মার্শাল আইয়ুবের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসে শতক করেন তিনি।
চট্টগ্রামের ডলার মাহমুদ ও ইফতেখার সাজ্জাদ দুটি করে উইকেট নেন।
জোড়া শতক করা নাফীস ও ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পাওয়া মুমিনুল হক যৌথভাবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল প্রথম ইনিংস: ৪৮৯
চট্টগ্রাম প্রথম ইনিংস: ১২৩ ওভারে ৪২৫ (মামুন ৩৭, নাফিস ৫৬, মুমিনুল ২৩৯, ইরফান ৬, ইয়াসির ১০, সাজ্জাদুল ২৪, জসিম ৮, ডলার ৫, ইফতেখার ৩০, নাবিল ৪*, বেলাল ০; তৌহিদ ১৩-২-৫৮-০, কবির ১০-২-৪০-১, সোহাগ ৪৭-৯-১৩৪-৫, আল আমিন ১২-২-৪৬-০, মনির ২৫-৪-৬৫-৩, সালমান ১৩-২—৬৩-১, মাহমুদ ৩-০-১৭-০)
বরিশাল দ্বিতীয় ইনিংস: ৭০ ওভারে ৩০৩/৬ (নাফীস ১৭৪*, শাহিন ১, মাহমুদ ৩, সালমান ২৮, আল আমিন ৬৮, সোহাগ ১৭, নুরুজ্জামান ০, সায়েম ৯*; ডলার ৭-২-৩২-২, বেলাল ১০-২-৫২-১, মামুন ৫-০-১৪-০, নাবিল ১৩-১-৭৪-০, ইফতেখার ২৪-২-৮৯-২, মুমিনুল ১১-১-৩৯-১)
ফল: ড্র।
ম্যাচ সেরা: শাহরিয়ার নাফীস ও মুমিনুল হক।
