তানভীরের শতকে বড় সংগ্রহের পথে রংপুর
তানভীর হায়দারের চতুর্থ শতকে খুলনার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহের পথে রয়েছে শিরোপাধারী রংপুর।
সোমবার প্রথম স্তরের এই ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ৩২৪ রান। সোহারাওয়ার্দী শুভ ৬৬ রানে ব্যাট করছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ২৭ রান নিয়ে খেলা শুরু করে রংপুর। দিন শেষে ভালো অবস্থানে পৌঁছালেও শুরুটা মোটেও ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের।
উইকেটে থিতু হয়ে ব্যাটসম্যানরা ফিরে যাওয়ায় ৩০তম ওভারে রংপুরের স্কোর ছিল ৫ উইকেটে ৮২ রান। সেখান থেকে ধীমান ঘোষ ও সোহরাওয়ার্দীকে নিয়ে দলকে টেনে তুলেন তানভীর।
ষষ্ঠ উইকেটে ধীমানের সঙ্গে ১১৬ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন তানভীর। অর্ধশতক করে ধীমান ফিরে গেলে ভাঙে ৩৫.৪ ওভার স্থায়ী জুটি।
সোহরাওয়ার্দীর সঙ্গে আরেকটি শতরানের জুটি গড়েন তানভীর। শতক করে তিনি আউট হলে সেখানেই দিনের খেলা শেষ হয়। ১০৫ রান করে তানভীরের বিদায়ে ভাঙে ১২৬ রানের চমৎকার জুটি।
খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক ১২৪ রানে নেন ৪ উইকেট। এছাড়া মুরাদ খান ৩ উইকেট নেন ৬৬ রানে।
কক্সবাজারে ঢাকা ও ঢাকা মেট্রোর মধ্যকার প্রথম স্তরের অন্য ম্যাচে টানা তৃতীয় দিনও বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর প্রথম ইনিংস: ১০৪.৩ ওভারে ৩২৪/৭ (আরাফাত ৪, কল্যাণাশীষ ২৭, নবীন ২১, নাহিদুল ২, আরিফুল ২৩, ধীমান ৬৯, তানভীর ১০৫, সোহরাওয়ার্দী ৬৬*; রবিউল ১৮-৩-৪৭-০, জুপিটার ২-০-১৪-০, রাজ্জাক ৪০.৩-৬-১২৪-৪, এনামুল (২) ১৩-০-৩১-০, মুরাদ ২১-৩-৬৬-৩, বক্কর ১-০-১-০, মেহেদি ৮-০-৩৪-০, ইমরুল ১-০-৬-০)
