২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠুন-মাহমুদুলে জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল জয়

মোহাম্মদ মিঠুনের শতকের পর মাহমুদুল হাসানের স্পিন নৈপুণ্যে জিম্বাবুয়ে সফরের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ১৩৮ রানে হারিয়েছে শুভাগত হোমের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 06:25 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

হারারে স্পোর্টস ক্লাবে সোমবার প্রথমে ব্যাট করে মিঠুনের দারুণ শতকে ৯ উইকেটে ২৫২ রান করে অতিথিরা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

স্বাগতিকদের গুঁড়িয়ে দিতে ৩০ রান খরচায় ৪ উইকেট তুলে নেন অফস্পিনার মাহমুদুল।

টস হেরে ব্যাট করতে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র চার রান করে ফিরে যান রনি তালুকদার।

দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ৭৭ রানের জুটি গড়ে শক্ত ভিত দাঁড় করান সাদমান ইসলাম ও মিঠুন। ৫৮ রান করে উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ফিরে গেলে ভাঙে ওই জুটি।

অনেকটা সময় মিঠুন এক পাশ আগলে রাখলেও সঙ্গীর অভাবে বড় কোনো জুটি গড়তে পারেননি। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১০০ রান করেন তিনি। তার ১০৩ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

লিস্ট ‘এ’ ম্যাচে মিঠুনের এটি প্রথম শতক। তার আগের সেরা ছিল ৮৩ রান।

নাঈম ইসলাম ২৭ ও মোসাদ্দেক হোসেন ২২ রান করেন।

স্বাগতিকদের দুই বোলার ব্রায়ান ভিটোরি ও রায়ান বুর্ল দুটি করে উইকেট নেন।

শুরু থেকেই বোলিং তোপের মুখে পড়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানেরা। ২১ রানে ৪ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

রায়ান বুর্ল সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন। তাদের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন গডউইল মামহিয়ো।

মাহমুদুল ছাড়াও বল হাতে বাংলাদেশের জয়ে অবদান রাখেন মোহাম্মদ শহীদ, আবু জায়েদ ও শুভাগত হোম। তিন জনই দুটি করে উইকেট নেন। 

বিশাল ব্যবধানের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এ এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।