মুমিনুলের ব্যাটে লড়ছে চট্টগ্রাম
শাহরিয়ার নাফীস ও অধিনায়ক ফজলে মাহমুদের শতকে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে বিশাল সংগ্রহ গড়েছে বরিশাল। জবাবে মুমিনুল হক ও নাফিস ইকবালের ব্যাটে লড়ছে চট্টগ্রাম।
রোববার দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান। নাফিস ৩০ ও মুমিনুল ৬৪ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েছেন এই দুই জনে।
এখনও ৩৫৫ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম।
নাফিসের সঙ্গে ৪৭ রানের জুটি গড়া আবদুল্লাহ আল মামুন খেলেন আক্রমণাত্মক মেজাজে। ২৮ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে অষ্টম ওভারে ফিরেন তিনি।
এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১ উইকেটে ৩২৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে বরিশাল। ৯৪তম ওভারে চট্টগ্রাম দ্বিতীয় নতুন বল নেওয়ার আগ পর্যন্ত সব ঠিকই ছিল বরিশালের।
দ্বিতীয় নতুন বল ঠিক মতো সামলাতে না পারা বরিশাল অলআউট হওয়ার আগে করে ৪৮৯ রান।
ফজলে মাহমুদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮৬.১ ওভার স্থায়ী জুটি ভাঙার কৃতিত্ব বেলাল হোসেনের। দ্বিতীয় নতুন বল নেওয়ার দুই ওভারের মধ্যেই ২৮৩ রানের বিশাল জুটি ভাঙে চট্টগ্রাম।
২৭৭ বলে খেলা মাহমুদের ১৩৩ রানের ইনিংসটি গড়া ২১টি চারে।
অধিনায়কের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি উদ্বোধনী ব্যাটসম্যান নাফীস (১৬৮)। তার ২৭৬ বলের ইনিংসটি ২২টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।
শেষের দিকে আল আমিন জুনিয়র (৬০) ও নুরুজ্জামান (৩৪) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় পাচশ' ছুঁতে পারেনি বরিশাল।
১০১ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার নাবিল সামাদ।
প্রথম স্তরের ম্যাচে টানা দ্বিতীয় দিনও ছিল বৃষ্টির দাপট। ঢাকা ও ঢাকা মেট্রোর ম্যাচে এদিনও খেলা সম্ভব হয়নি।
রংপুর ও খুলনার ম্যাচে ৭ ওভার খেলা হয়। চট্টগ্রারে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৭ রান করে রংপুর। একমাত্র উইকেটটি নেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল: ১৪৩.৪ ওভারে ৪৮৯ (নাফীস ১৬৮, শাহিন ২৫, মাহমুদ ১৩৩, সালমান ২৬, আল আমিন জুনিয়র ৬০, সোহাগ ১০, নুরুজ্জামান ৩৪, সায়েম ৭, মনির ৬, তৌহিদ ৫, কবির ০*; ডলার ২৬-২-১১৪-২, বেলাল ৩২.৪-৪-১৩২-৩, মামুন ৭-২-২৪-০, ইফতেখার ২৯-০-১০৮-১, নাবিল ৪৭-১৩-১০১-৪ মুমিনুল ১-০-৫-০, ইয়াসির ১-০-১-০)
চট্টগ্রাম: ৩০ ওভারে ১৩৪/১ (মামুন ৩৭, নাফিস ৩০*, মুমিনুল ৬৪*; তৌহিদ ৩-০-২৩-০, কবির ৫-১-২১-১, সোহাগ ৯-৩-৪০-০, আল আমিন জুনিয়র ৫-২-১২-০, মনির ৫-০-১৯-০, সালমান ৩-০-১৭-০)
