২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-চট্টগ্রাম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল

বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 12:15 AM

Updated : 22 Aug 2022, 01:44 PM

২০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। মাঠ পরিচর্যার জন্য ফাঁকা রাখা হয়েছে পরের দিনটি। ২২ নভেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের চূড়ান্ত সূচি জানিয়েছে বিসিবি। প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, দ্বিতীয়টি সন্ধ্যা পৌনে ৭টায়।

প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২২ থেকে ২৭ নভেম্বর প্রথম ভাগের খেলা হবে ঢাকায়। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর চট্টগ্রামে হবে দ্বিতীয় ভাগের খেলা। চার দিনে আটটি ম্যাচ হবে চট্টগ্রামে। প্রতি দিনই রাখা হয়েছে স্থানীয় দল চিটাগং ভাইকিংসের ম্যাচ।

৬ ডিসেম্বর থেকে শেষ পর্যন্ত আবার খেলা ঢাকায়। ফাইনাল ম্যাচ ১৫ ডিসেম্বর।

ঢাকায় খেলা হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে; চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিপিএলের লোগো উন্মোচন করা হয়। স্পন্সর প্রতিষ্ঠান বিআরবি কেবলসের সঙ্গে মিলিয়ে এবার বিপিএলের নাম ‘বিআরবি বিপিএল টি-টোয়েন্টি’।

 

বিপিএল সূচি