খুলনায় বোলারদের দাপট
মইনুল ইসলামের পেস ও সানজামুল ইসলামের স্পিনে প্রথম দিনেই বেহাল সিলেটের ব্যাটিং। দিনটা স্বস্তিতে শেষ করতে পারেনি রাজশাহীও।
খুলনায় জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিনে ১৭৬ রানে গুটিয়ে গেছে সিলেট। দুই ওপেনারকে হারিয়ে রাজশাহী দিন শেষ করেছে ৪২ রানে।
আগের ম্যাচেই ১৪০ রানের উদ্বোধনী জুটি গড়া সিলেটের দুই ওপেনারকে শুরুতেই ফেরান মইনুল ইসলাম। শানাজ আহমেদকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন তরুণ এই পেসার; পরে ফেরান দারুণ ফর্মে থাকা ইমতিয়াজ হোসেনকেও।
চার বছর পর প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা পেসার মোহাম্মদ শাহজাদা ফিরিয়ে দেন তিনে নামা সায়েম আলমকে (১৮)।
পরে সানাজামুল ও ফরহাদ হোসেনের দ্বিমুখী স্পিন আক্রমণে সিলেট বড় কোনো জুটিই গড়তে পারেনি; ৯৫ রানে হারায় তারা ৭ উইকেট। ধুঁকতে থাকা দলকে কিছুটা উদ্ধার করেন নাসুম আহমেদ। তরুণ বাঁহাতি স্পিনার এদিন হয়ে ওঠেন ব্যাটসম্যান, নয় নম্বরে নেমে ১০ চারে করেছেন ৫৯ রান। ফলে মোটামুটি ভদ্রস্থ একটা সংগ্রহ তুলতে পারে সিলেট।
মইনুল ও সানজামুল নিয়েছেন তিনটি করে উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নামা ফরহাদ হোসেন নিয়েছেন দুটি।
ব্যাটিংয়ে নেমে অভিষেক মিত্রকে (০) প্রথম ওভারেই হারায় রাজশাহী। অধিনায়ক জুনায়েদ সিদ্দিক শুরু করেছিলেন ওয়ানডের গতিতে; কিন্তু যেতে পারেননি বেশিদূর। ২০ বলে ২৯ করে আউট হয়েছেন অনিয়মিত বোলার ইমতিয়াজের বলে। ফরহাদ ও জুবায়ের পার করে দিয়েছেন বাকি সময়টুকু।
শেষ রাউন্ডে প্রথম স্তরের দুই ম্যাচের কোনোটিই শুরু হতে পারেনি বৃষ্টিতে।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৬০.৩ ওভারে ১৭৬ (ইমতিয়াজ ৯, শানাজ ৪, সায়েম ১৮, রুমান ১৯, অলক ৪, ইজাজ ২০, রাহাতুল ১৫, এনামুল জুনিয়র ১৩, নাসুম ৫৯, ইমরান ৭*, খালেদ ০; শাফাক ১২-৩-৩৪-০, মইনুল ১১-৭-২০-৩, জুবায়ের ৩-১-১১-০, শাহজাদা ৩-০-৭-১, সানজামুল ১৭.৩-৭-৩৯-৩, ফরহাদ ১৩-২-৬১-২, নিহাদ ১-১-০-১)।
রাজশাহী ১ম ইনিংস: ৮.১ ওভারে ৪২/২ (অভিষেক ০, জুনায়েদ ২৯, ফরহাদ ১০*, জুবায়ের ০*; খালেদ ৪-১-১৬-১, ইমরান ৩.১-০-২৪-০, ইমতিয়াজ ১-০-২-১)।
