শেষে এসে শতকের দেখা শাহরিয়ার নাফীসের
এবারের জাতীয় লিগের শেষ ম্যাচে এসে প্রথম শতকের দেখা পেলেন শাহরিয়ার নাফীস। শতক করেছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদও।
অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে তুলেছেন ২৭০ রান। জাতীয় লিগের দ্বিতীয় স্তরের শেষ রাউন্ডের ম্যাচে প্রথম দিনে চট্টগ্রামের বিপক্ষে ১ উইকেটে ৩২৩ রান তুলেছে বরিশাল বিভাগ।
এবারের লিগে আগের পাঁচ ম্যাচে চারবার পঞ্চাশ ছুঁয়েছিলেন শাহরিয়ার নাফীস, কিন্তু একটিকেও তিন অঙ্কে রূপ দিতে পারেননি। শেষ ম্যাচে এসে শুধু শতক ছুঁয়েই সন্তুষ্ট থাকেননি, প্রথম দিনে ছাড়িয়ে গেছেন দেড়শও। দিন শেষে ২০ চার ও ১ ছক্কায় ২৫৮ বলে ১৫৮ করে অপরাজিত জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার এটি নবম শতক।
শাহিন হোসেনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫৩ রান তুলেছিলেন শাহরিয়ার। শাহিনকে (২৫) ফিরিয়ে ডলার মাহমুদ এই জুটি ভাঙলে শাহরিয়ারের সঙ্গী হন ফজলে মাহমুদ। সারা দিনে আর কোনো উইকেট হারায়নি বরিশাল। ৮১.৩ ওভারে ২৭০ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন দুজন।
২৬১ বলে ১২৮ করে অপরাজিত আছেন ফজলে মাহমুদ। এবারের লিগে বরিশালের অধিনায়কের এটি দ্বিতীয় শতক। প্রথম শ্রেণির ক্রিকেটে তার শতক হলো চারটি।
বৃষ্টির কারণে প্রথম স্তরের দুই ম্যাচের একটিতেও একটি বলও খেলা হয়নি প্রথম দিনে।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ৯০ ওভারে ৩২৩/১ (শাহরিয়ার ১৫৮*, শাহিন ২৫, ফজলে মাহমুদ ১২৮*; ডলার ১২-০-৬৬-১, বেলাল ১৬-০-৮৪-০, আব্দুল্লাহ ৬-১-২৪-০, ইফতেখার ২২-০-৮১-০, নাবিল ৩২-৯-৫৯-০, মুমিনুল ১-০-৫-০, ইয়াসির ১-০-১-০)।
