সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি আসিফের
পরীক্ষার পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন বিলাল আসিফ। ভারতে বায়োমেকানিক পরীক্ষা সফলভাবে শেষ করার পর আইসিসি পাকিস্তানের এই অফস্পিনারের বোলিং অ্যাকশনকে সঠিক বলে ছাড়পত্র দিয়েছে।
আইসিসি একটি বিবৃতিতে জানায়, বোলিংয়ের সময় আসিফের কুনুই যে পরিমাণ বাঁকা হয়, তা আইসিসির অনুমোদিত সীমা ১৫ ডিগ্রির মধ্যেই। এই ফলের পর ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দলে থাকা আসিফের আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে কোনো বাধা থাকল না।
৩০ বছর বয়সী আসিফের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের সবশেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। অধিনায়ক আজহার আলির সঙ্গে ইনিংস উদ্বোধন করেন এই অলরাউন্ডার।
ক্যারিয়ারের প্রথম ম্যাচে ব্যাট বা বল হাতে তেমন কিছু করতে না পারলেও সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজ জেতান আসিফ।
পরে অবশ্য আসিফের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। গত ১৯ অক্টোবর আসিফ চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে বায়োমেকানিক পরীক্ষা করান।
