২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরের আগে জিম্বাবুয়ের আরেকটি হার

আগামী মাসে বাংলাদেশ সফরে আসার আগে জিম্বাবুয়ের আত্মবিশ্বাস বড় একটা ধাক্কাই খেল। আফগানিস্তানের কাছে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে এল্টন চিগুম্বুরার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 08:55 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

শেষ টি-টোয়েন্টির রোমাঞ্চকর লড়াইয়ে উসমান ঘানি ও গুলবাদিন নাইবের দারুণ দুটি অর্ধশতকে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই জিতল আফগানরা। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল তারা।

এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জিতে ইতিহাস গড়ে আফগানরা। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে একাধিক ম্যাচের ওয়ানডে সিরিজ কোনো সহযোগী দেশের সিরিজ জেতার সেটাই প্রথম ঘটনা।

বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে বুধবার প্রথমে ব্যাট করে ৭ উইকেট ১৯০ রান করে জিম্বাবুয়ে। জবাবে শেষ ওভারে গড়ানো ম্যাচটিতে ১ বল হাতে রেখেই ৫ উইকেটে লক্ষ্যে পৌছে যায় অতিথিরা।

বড় লক্ষ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের নৈপুণ্যে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান। মোহাম্মদ শাহজাদ ও উসমান ঘানির মারমুখী ব্যাটে ১০.৩ ওভারে ৯৫ রান তোলে তারা।

তারপরই চরম ধাক্কা খায় আফগানরা। পরপর দুই বলে ফিরে যান ওই দুই ব্যাটসম্যান।

অতিথিদের শক্ত ভিত গড়ে দেওয়া এই জুটিতে বড় অবদান ঘানির, ৬৫ রান করেন তিনি। তার ৪৫ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। ২০ বলে ২৪ রান করেন শাহজাদ।

শাহজাদ-ঘানির বিদায়ের পর দলকে মূলত একাই জয়ের পথ দেখান তিন নম্বরে নামা নাইব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম অর্ধশতক করে জয় নিশ্চিত করেন তিনি।

৫৬ রানে অপরাজিত থাকেন নাইব। তার ৩১ বলের ইনিংসটি ৭টি চারে সাজানো।

শেষ দুই ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২৩ রান। শেষ দিকে ব্যাট-বলের এই নাটকীয় লড়াইয়ে করিম সাদিকের অবদানও কম নয়। রান আউট হওয়ার আগে ৫ বলে ১১ রান করে কঠিন লক্ষ্য অনেকটাই সহজ করে দেন তিনি।

জিম্বাবুয়ের চামু চিবাবা ৩৭ রান খরচায় ২ উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারায় জিম্বাবুয়ে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজাও ইনিংস বড় করতে পারেননি। তবে ১৩ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২১ রান করে উড়ন্ত সূচনা এনে দেন তিনি।

পরের তিন ব্যাটসম্যানের সবাই মারমুখী ব্যাট করেন। তাদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ইনিংসটি খেলেন শন উইলিয়ামস। ২৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন রিচমন্ড মুতুমবামি। ৩৩ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। আর এল্টন চিগুম্বুরা করেন ৩৩ রান।

২টি করে উইকেট নেন দৌলত জাদরান, গুলবাদিন নাইব ও আমির হামজা।