বান্ধবীকে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার অমিত মিশ্র
এক মহিলাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে ভারতের জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে মঙ্গলবার গ্রেপ্তার করে ব্যাঙ্গালোর পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান এই লেগস্পিনার।
এনডিটিভি জানায়, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ব্যাঙ্গালোরে জাতীয় দলের ক্যাম্প চলার সময় অঘটনটি ঘটান মিশ্র। তার বিরুদ্ধে অভিযোগ, হোটেল কক্ষে মেয়ে বন্ধুকে আঘাত করেছিলেন মিশ্র।
মেয়েটি গত ২০ অক্টোবর মামলা দায়ের করে। মিশ্রর বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ৩২৩ ধারা (স্বপ্রণোদিত হয়ে কাউকে আহত করা) ও ৩২৪ ধারায় (স্বপ্রণোদিত হয়ে বিপজ্জনক অস্ত্র দিয়ে কাউকে আহত করার) অভিযোগ দায়ের করা হয়।
ওই মামলার প্রেক্ষিতেই পুলিশ মিশ্রকে গ্রেপ্তার করে। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেয় পুলিশ।
