লোয়ার অর্ডারদের ব্যাটে উদ্ধার ঢাকা মেট্রোর
সাতে নামা শরিফুল্লাহ ও শেষ তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় ম্যাচ বাঁচিয়েছে ঢাকা মেট্রোপলিস। ড্র করেও অবশ্য প্রথম স্তরের শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা।
ফতুল্লায় ম্যাচের প্রথম ইনিংসে ২২ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষ করেছিল তারা ৫ উইকেটে ১২২ রানে। মঙ্গলবার শেষ দিনে মেট্রোর শেষ স্বীকৃত ব্যাটসম্যান আসিফ আহমেদ (৩২) কাটা পড়েন রান আউটে। পরের ওভারে ফিরে যান উইকেটকিপার জাবিদ হোসেনও। মেট্রোর রান তখন ৭ উইকেটে ১৬১। পরাজয়ের শঙ্কা ছিল ভালোমতোই।
লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে শঙ্কার কালো মেঘ দূর করেন শরিফুল্লাহ। প্রায় ৩ ঘণ্টা উইকেটে থেকে ৬৭ করে ফেরেন এই অলরাউন্ডার। মেট্রোর লোয়ার অর্ডাররা লড়াইয়ে হাল ছাড়েনি এরপরও। প্রায় দেড় ঘণ্টায় ৮৯ বল খেলে ২৩ রান করেন আরাফাত সানি। দশে নামা শহিদুল খেলেন ৪৮ বল। এমনকি শেষ ব্যাটসম্যান আবু হায়দারও ৪৫ মিনিট কাটিয়ে দেন উইকেটে, খেলেন ৪৩ বল।
শেষ পর্যন্ত ২৯৪ রানের লিড নিয়ে যখন শেষ হলো মেট্রোর দ্বিতীয় ইনিংস, দিনের বাকি তখন ২৫ ওভার! খুলনার দুই ওপেনার এনামুল হক ও মেহেদি হাসান ৬ ওভারেই ৫০ রান তুলেছিলেন। কিন্তু দুজনকেই ফিরিয়ে দেন আরাফাত সানি। খুলনার অসম্ভবের পেছনে ছোটার চেষ্টা শেষ হয় সেখানেই। ঘণ্টাখানেক আগেই ড্র মেনে নেয় দুদল।
দুই ইনিংসে ১৪৪ ও ৪২ রান করে ম্যাচ-সেরা মেট্রোর ওপেনার শামসুর রহমান।
এক রাউন্ড বাকি থাকতে ৪৭ পয়েন্ট নিয়ে জাতীয় লিগের প্রথম স্তরে শীর্ষে আছে খুলনা। ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা মেট্রো।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩৯৯
খুলনা ১ম ইনিংস: ৩৬৭
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ১০৭.৫ ওভারে ২৬২ (আসিফ ৩২, শরিফুল্লাহ ৬৭, জাবিদ ০, সানি ২৩, শহিদুল ১৯, আবু হায়দার ১১*; রবিউল ১-০-৬-০, হালিম ৮-২-২৪-০, রাজ্জাক ৪৬.৫-৬-১৩৬-৩, মিরাজ ৩২-৮-৫৮-৩, আবু বক্কর ১১-৩-১৬-২, মেহেদি ৯-৩-৯-১)।
খুলনা ২য় ইনিংস: ২০ ওভারে ৮৪/২ (এনামুল ৩১, মেহেদি ৩১, ইমরুল ১৯*, জিয়াউর ৩*; আবু হায়দার ৩-০-১৮-০, শহিদুল ২-০-২২-০, সানি ৬-০-২১-২, মাহমুদউল্লাহ ৩-০-১৪-০, শরিফুল্লাহ ৩-১-২-০, মেহরাব ২-০-৪-০, মার্শাল ১-০-৩-০)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: শামসুর রহমান
