আফ্রিদিকে ছাড়িয়ে ডি ভিলিয়ার্সের ‘ফিফটি’
ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে অর্ধশত ছক্কা মারার প্রথম কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
বিস্ফোরক ব্যাটিংয়ে এবি ডি ভিলিয়ার্স বিস্ময় ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। অবিশ্বাস্য ব্যাটিংয়ে বারবারই মনে করিয়ে দিচ্ছেন মানুষের সামর্থ্য সীমাহীন। রোববার গান্ধী-ম্যান্ডেলা ট্রফির ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচেও পার্থক্য গড়ে দিয়েছে ডি ভিলিয়ার্সের খুনে ইনিংসটিই।
এর আগে ছক্কার অর্ধশতকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন শহিদ আফ্রিদি। ২০০২ সালে ৪৮টি ছক্কা মেরেছিলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। এক যুগেরও বেশি পুরোনো সেই রেকর্ড ছাড়িয়ে আরও অনেকটা দূর নিয়ে গেলেন ডি ভিলিয়ার্স। রোববারের ১১ ছক্কায় ২০১৫ সালে তার ছক্কা ঠেকেছে ৫৮-তে গিয়ে!
এ বছর আর কোনো ওয়ানডে খেলবে না দক্ষিণ আফ্রিকা। বোলাররাও তাই স্বস্তি পেতে পারেন, রেকর্ডটা আরও বাড়াতে পারছেন না ডি ভিলিয়ার্স।
জানুয়ারিতে সেই ১৬ ছক্কা ও রোববারের ১১ ছক্কা মিলিয়েও হয়ে গেছে আরেকটি রেকর্ড। ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার, ইনিংসে ১০টির বেশি ছক্কা দুইবার মারলেন কোনো ব্যাটসম্যান।
ওয়ানডে ক্যারিয়ারে ১৮৭ ইনিংসে ডি ভিলিয়ার্সের ছক্কা এখন ১৮১টি। সবচেয়ে বেশি ক্যারিয়ার ছক্কার রেকর্ডে এখন তিনি আট নম্বরে। ৩৫১ ছক্কায় সবার ওপরে আফ্রিদি।
এক বছরে সবচেয়ে বেশি ছক্কা :
ব্যাটসম্যান | ইনিংস | ছক্কা | সাল |
এবি ডি ভিলিয়ার্স | ১৮ | ৫৮ | ২০১৫ |
শহিদ আফ্রিদি | ৩৬ | ৪৮ | ২০০২ |
শেন ওয়াটসন | ২২ | ৪২ | ২০১১ |
শচিন টেন্ডুলকার | ৩৩ | ৪০ | ১৯৯৮ |
শহিদ আফ্রিদি | ২৪ | ৩৭ | ২০০৫ |
ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি ছক্কা:
ব্যাটসম্যান | ইনিংস | ছক্কা |
শহিদ আফ্রিদি | ৩৬৯ | ৩৫১ |
সনাৎ জয়াসুরিয়া | ৪৩৩ | ২৭০ |
ক্রিস গেইল | ২৬৪ | ২৩৮ |
শচিন টেন্ডুলকার | ৪৫২ | ১৯৫ |
ব্রেন্ডন ম্যাককালাম | ২২৩ | ১৯০ |
সৌরভ গাঙ্গুলি | ৩০০ | ১৯০ |
মহেন্দ্র সিং ধোনি | ২৩৬ | ১৮৮ |
এবি ডি ভিলিয়ার্স | ১৮৭ | ১৮১ |
রিকি পন্টিং | ৩৬৫ | ১৬২ |
ক্রিস কেয়ার্নস | ১৯৩ | ১৫৩ |
