জুনায়েদ-মুশফিকের দিকে তাকিয়ে রাজশাহী
প্রথম ইনিংসে ১৯২ রানের বড় লিড নেওয়া বরিশাল পঞ্চম রাউন্ডের ম্যাচে চাপে রেখেছে রাজশাহীকে। দ্বিতীয় দিন তিন উইকেট হারিয়ে ফেলা দলটি তাকিয়ে আছে জুনায়েদ সিদ্দিক ও অধিনায়ক মুশফিকুর রহিমের দিকে।
রোববার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ৩ উইকেটে ১২৬ রান। জুনায়েদ ৫৮ ও মুশফিক ১১ রানে ব্যাট করছেন।
এখনও ৬৬ রানে পিছিয়ে রয়েছে রাজশাহী।
নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৯ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলকে ভালো সূচনা এনে দেন জুনায়েদ। নাজমুলকে ফিরিয়ে আল আমিন ২৪.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙেন।
নিজের তিন ওভারের মধ্যে মিজানুর রহমান ও ফরহাদ হোসেনকে ফিরিয়ে শেষ বেলায় স্বাগতিকদের চাপে ফেলেন অফ স্পিনার সোহাগ গাজী। ৪৩ রানে দুই উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।
এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২ উইকেটে ১৫৩ রান নিয়ে খেলা শুরু করে বরিশাল। আগের দিন অর্ধশতক করা শাহরিয়ার নাফীস ফিরে যান এক রান যোগ করেই।
তবে সালমান হোসেনের ৪৫ ও আল আমিনের ৭১ রানের দুটি চমৎকার ইনিংসে বড় লিডের দিকে এগিয়ে যায় বরিশাল। শেষের দিকে মনির হোসেনের ২৫ রানের ছোট্ট এক ইনিংসে অলআউট হওয়ার আগে ৩১১ রান করে অতিথি দলটি।
রাজশাহীর পেসার শাফাক আল জাবির ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম চারটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী প্রথম ইনিংস: ১১৯
বরিশাল প্রথম ইনিংস: ৮৬.২ ওভারে ৩১১ (নাফীস ৮০, শাহিন ০, মাহমুদ ৫১, সালমান ৪৫, আল আমিন ৭১, সোহাগ ১, সায়েম ৮, মনির ২৫, সালেহ ৬, কবির ২, তৌহিদ ৮*; শাফাক ২১.২-১-৯৫-৪, ফরহাদ রেজা ১০-০-৪০-০, মুক্তার ১৭-৪-৫১-০, মিজানুর ১-০-২-০, সানজামুল ২৭-২-৮৭-৪, নিহাদ ৯-২-২৬-২, ফরহাদ হোসেন ১-০-২-০)
রাজশাহী দ্বিতীয় ইনিংস: ৪২ ওভারে ১২৬/৩ (নাজমুল ২৯, জুনায়েদ ৫৮*, মিজানুর ২২, ফরহাদ ৩, মুশফিক ১১*; তৌহিদ ৮-৪-১৮-০, কবির ২-০-৬-০, সোহাগ ১৭-৩-৪৩-২, সালমান ২-০-৩-০, আল আমিন ৭-০-৩৮-১, মনির ৪-১-১২-০, সালেহ ২-০-৪-০)
