ওয়াহাব-ইয়াসিরের দাপটের পর ইউনুস-মিসবাহর দৃঢ়তা
প্রথম দুই দিনের খেলা শেষে সমতায় ছিল দুবাই টেস্ট। ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহর দারুণ বোলিংয়ের পর ইউনুস খান ও মিসবাহ-উল-হকের দৃঢ়তায় তৃতীয় দিন শেষে চালকের আসনে বসেছে পাকিস্তান।
প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পাওয়া পাকিস্তান এগিয়ে রয়েছে ৩৫৮ রানে। হাতে আছে আরও ৭ উইকেট।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান। ইউনুস ৭১ ও মিসবাহ ৮৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েছেন তারা। টেস্টে এটি তাদের চতুর্দশ শতরানের জুটি।
ধৈর্য্যশীল ইনিংস খেলার পথে চতুর্দশ খেলোয়াড় হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন ৩৭ বছর বয়সী ইউনুস।
এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। তৃতীয় ওভারেই জেমস অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দিয়ে ফিরে যান শান মাসুদ। সিরিজে এ নিয়ে চার বার অ্যান্ডারসনের বলে আউট হলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
অষ্টম ওভারে ফিরে যান তিন নম্বর ব্যাটসম্যান শোয়েব মালিক। মার্ক উডের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন তিনি।
তৃতীয় উইকেটে ইউনুসের সঙ্গে ৬৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মোহাম্মদ হাফিজ (৫১)। অর্ধশতকে পৌঁছেই তিনি ফিরে গেলে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। কিন্তু ইউনুস ও অধিনায়ক মিসবাহ সেই চাপ পেছনে ফেলে ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দেওয়ার পথে এগিয়ে নিচ্ছেন দলকে।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১৮২ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। ওয়াহাবের ৯ ওভারের অসাধারণ এক স্পেলে ইংল্যান্ডে মিডল অর্ডার গুড়িয়ে দেন। সঙ্গে লেগ স্পিনার ইয়াসিরের ঘূর্ণিতে ২৪২ রানে গুটিয়ে যায় অ্যালেস্টার কুকের দলটির প্রথম ইনিংস।
আগের দিন অর্ধশতক পাওয়া জো রুটকে (৮৮) ফিরিয়ে উইকেট শিকার শুরু করেন ওয়াহাব। এরপর বেন স্টোকস ও বাটলাকে ফিরিয়ে দেন তিনি।
আদিল রশিদকে ফেরানোর পর এক প্রান্ত আগলে রাখা জনি বেয়ারস্টোকে (৪৬) বিদায় করেন ইয়াসির। উডকে ফিরিয়ে টানা চার টেস্টে পাঁচ উইকেট নেওয়ার সম্ভাবনা জাগান এই লেগ স্পিনার। শেষ পর্যন্ত পারেননি তিনি, অ্যান্ডারসনের উইকেট নিয়ে এক সেশনেই ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন ইমরান খান।
এক সময়ে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৬ রান। এরপর ৩৬ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে তারা।
ওয়াহাব (৪/৬৬) ও ইয়াসির (৪/৯৩) চারটি করে উইকেট নেন। পেসার ইমরান ৩৩ রানে নেন দুই উইকেট।
