তৌহিদুল-সালমানের বোলিংয়ে প্রথম দিন বরিশালের
দুই মিডিয়াম পেসার তৌহিদুল ইসলাম ও সালমান হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বরিশাল বিভাগ।
প্রথম ইনিংসে ৩৪ রান এগিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে ফজলে মাহমুদের দল।
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের পঞ্চম রাউন্ডের ম্যাচটিতে প্রথম ইনিংসে ১১৯ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। তৌহিদুল ও সালমান নেন ৫টি করে উইকেট।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারালেও শাহরিয়ার নাফীসের অর্ধশতকে ২ উইকেটে ১৫৩ রান নিয়ে দিনের খেলা শেষ করে বরিশাল। ১১৪ বলে ১২টি চারে ৭৯ রান করে উইকেটে আছেন শাহরিয়ার। তার সঙ্গী সালমানের রান ১৩।
শাহিন হোসেন কোনো রান না করেই আউট হন। আর আউট হওয়ার আগে ৯৫ বলে ৭টি চারে ৫১ রান করেন অধিনায়ক মাহমুদ।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তৌহিদুলের বোলিং তোপে শুরুতেই এলোমেলো হয়ে যায় রাজশাহীর ইনিংস। ১৭ রান তুলতেই দলের প্রথম চার ব্যাটসম্যানকে হারায় তারা। চারটি উইকেটই নেন তৌহিদুল।
এর পর দৃশ্যপটে আসেন সালমান। ত্রয়োদশ ওভারে বল হাতে নিয়েই দুটি উইকেট তুলে নেন তিনি। ১৪ ওভারের সেই স্পেলে আরও তিনটি উইকেট পান সালমান। আর এই ৫ উইকেটের জন্য রান খরচ করেন ৩১।
রাজশাহীর শেষ ব্যাটসম্যান শাফাক আল জাবিরকে আউট করে তৌহিদুল পূর্ণ করেন ইনিংসে ৫ উইকেট। আর এর জন্য তিনি খরচ করেন ৩০ রান।
এবারের জাতীয় লিগে সালমান আর তৌহিদুলের দুজনেই এই প্রথম ইনিংসে ৫ উইকেট পেলেন।
৩৬ রানে প্রথম ৭ উইকেট হারানো রাজশাহীকে একশ' পেরোতে সাহায্য করেন সানজামুল ইসলাম ও নিহাদুজ্জামান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দুজনে মিলে ৫৮ বলে ৬টি চার ও একটি ছয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সানজামুল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত ছিলেন নিহাদুজ্জামান। ৫৬ বলের ইনিংসটি ৬টি চারে সাজান তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী প্রথম ইনিংস: ৪২.৫ ওভারে ১১৯ (নাজমুল ০, জুনাইদ ১৪, মিজানুর ২, ফরহাদ হোসেন ০, মুশফিকুর ২, শাকির ১, ফরহাদ রেজা ৪, সানজামুল ৪০, মুক্তার ১১, নিহাদুজ্জামান ৩৪*, শাফাক ০; তৌহিদুল ৫/৩০, সালমান ৫/৩১)।
বরিশাল প্রথম ইনিংস: ৪১ ওভারে ১৫৩/২ (শাহরিয়ার ৭৯*, শাহিন ০, মাহমুদ ৫১, সালমান ১৩*; সানজামুল ১/৩৬, শাফাক ১/৫৫)।
