২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর-মাহমুদউল্লাহর শতক

খুলনা বিভাগের বিপক্ষে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে দারুণ সূচনা করেছে ঢাকা মেট্রো। প্রথম স্তরের এই ম্যাচে শামসুর রহমান ও মাহমুদউল্লাহর শতকে ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 05:34 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামা ঢাকা মেট্রো উদ্বোধনী জুটিতে ৮৮ রান তোলে। এর মূল অবদানটা ছিল শামসুরের। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৮ রান করেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী মারুফ।
 
দলীয় স্কোরে আর কোনো রান যোগ না হতেই ফেরেন তিন নম্বরে নামা মেহরাব হোসেন জুনিয়র।
 
পরপর দুই উইকেট হারানোর ধাক্কা তৃতীয় উইকেট জুটিতে সামলে ওঠে ঢাকা মেট্রো। শামসুরের সঙ্গে ১২৪ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। 
 
রবিউল ইসলাম রবির বলে ইমরুল কায়েসকে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৪৪ রান করেন শামসুর। ১৬৭ বলের ইনিংসে ১৮টি চার ও ৫টি ছক্কা মারেন তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষেও শতক হাঁকানো এই ডান-হাতি ব্যাটসম্যান।
 
আর কোনো বড় জুটি না হলেও ১২৯ রান করে অপরাজিত আছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ২১৯ বলের ইনিংসে এ পর্যন্ত ১৪টি চার মেরেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
 
আরেক অপরাজিত ব্যাটসম্যান শরিফউল্লাহ খেলছেন ১৬ রান নিয়ে।
 
দুটি করে উইকেট নিয়েছেন খুলনার মেহেদী হাসান মিরাজ ও আব্দুর রাজ্জাক।