২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাত দিয়ে বল ধরে আউট চিবাবা!

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ‘হ্যান্ডলড দ্য বল’ হয়েছেন জিম্বাবুয়ের চামু চিবাবা। ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে এই আউটের শিকার তৃতীয় ব্যাটসম্যান তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

পুরো নাম তার চামুনরওয়া জাস্টিস চিবাবা। এখন সংক্ষেপে চামু চিবাবা নামে পরিচিত হলেও শুরুতে পরিচিত ছিলেন জাস্টিস চিবাবা নামে। কিন্তু মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এই ‘জাস্টিস’ পরিস্থিতির বিচার করতে পারেননি ঠিকভাবে। মুহূর্তের অসতর্কতায় হয়েছেন ‘হ্যান্ডলড দ্য বল!’

বুলাওয়েতে আফগানিস্তানের ২২৩ রান তাড়ায় তখন ১৮ রান নিয়ে খেলছিলেন জিম্বাবুয়ের ওপেনার। ইনিংসের দশম ওভারে আমির হামজার বলে ঠিকমত টাইমিং করতে পারেননি। বল উইকেটে পড়ে ফিরে আসছিল স্টাম্পে। মুহূর্তের জন্য হয়ত নিজেকে সামলাতে পারেননি চিবাবা। হাত দিয়ে প্রায় ক্যাচের মতো ধরে সরিয়ে দিলেন বল।

আফগান উইকেটকিপার মোহাম্মদ শাহজাদ ছিলেন সজাগ, আবেদন করতে ভুল করেননি। নিয়ম অনুযায়ী আম্পায়ারও আঙুল তুলতে বাধ্য, হ্যান্ডলড দ্য বল!

৩ হাজার ৬৯৬ ম্যাচের ওয়ানডে ইতিহাস আগে মাত্র ২ বার দেখেছে এই আউট। প্রথমটি হয়েছিল সেই ১৯৮৬ সালে। মেলবোর্নে আউট হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার মহিন্দর অমরনাথ। অস্ট্রেলিয়ান অফ স্পিন গ্রেগ ম্যাথুজের একটি টার্নিং বলে পুশ করেছিলেন। কিন্তু ঠিকমত না লাগায় বল ফিরে আসছিল স্টাম্পে, অমরনাথ ফেরান হাত দিয়ে। ওয়ানডেতে হ্যান্ডলড দ্য বলের সূচনাও তাতেই।

এই আউটের দ্বিতীয় শিকার দক্ষিণ আফ্রিকার ড্যারিল কালিনান। ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার কিথ আর্থারটনের বলে শট খেলার পর হাত দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

ওয়ানডেতে ৪৪ বছরে হয়েছে ৩ বার, আর ১৩৮ বছরের টেস্ট ক্রিকেট এই আউট দেখেছে ৭ বার। প্রথমবার হয়েছে টেস্ট ক্রিকেটের বয়স যখন ৮০; ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার রাসেল এনডিন হয়েছিলেন হ্যান্ডলড দ্য বল!। সবশেষটি ২০০১ সালে ইংল্যান্ডের মাইকেল ভন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখনও দেখেনি এ ধরনের আউট।