২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে নাজমুলের শতক

ড্র হওয়া জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে শতক করেছেন রাজশাহীর নাজমুল হোসেন শান্ত। অপরাজিত অর্ধশতক করেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ২ উইকেটে ৯৭ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। প্রথম ইনিংসে ১৪২ রানের লিড নেওয়া চট্টগ্রাম তখনও ৪৫ রানে এগিয়ে ছিল।

নাইটওয়াচম্যাচ নিহাদ-উজ-জামানের সঙ্গে আগের দিনের ৬ রানের জুটিকে এদিন ৯৩ রান পর্যন্ত এগিয়ে নেন শান্ত। তাদের এই জুটিতেই নাটকীয় কিছু ঘটার সম্ভাবনা মোটামুটি শেষ হয়ে যায়।

নিহাদ ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টেকেননি উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুলও। তার আগেই অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতক করেন তিনি। ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের ২৫৮ বলের ইনিংসটি সাজানো ১৫টি চারে। চমৎকার এই ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন তিনিই।  

নিহাদ, নাজমুল, ফরহাদ হোসেন ও শাকির আহমেদের দ্রুত বিদায়ের কোনো প্রভাব রাজশাহীর ইনিংসে পড়তে দেননি মুশফিক। ১০৪ বলে অপরাজিত ৫০ রানের একটি ইনিংস খেলেন তিনি।

রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৩ রান তুললে ড্র মেনে নেন দুই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী প্রথম ইনিংস: ২০৮

চট্টগ্রামে প্রথম ইনিংস: ৩৫০

রাজশাহী দ্বিতীয় ইনিংস: ১১২ ওভারে ২৭৩/৬ (নাজমুল ১০১, মিজানুর ২৭, জুনায়েদ ১৭, নিহাদ ১৮, ফরহাদ হোসেন ১৭, মুশফিক ৫০*, শাকির ১২, ফরহাদ রেজা ২*; ডলার ১১-২-৩৮-১, মেহেদি রানা ১৯-৪-৫২-২, নাবিল ২৮-১১-৫০-০, ইফতেখার ৩৬-১০-৮২-১, মুমিনুল ৪-০-৯-০, সাইফুদ্দিন ১৪-২-৩০-১)

ফল: ড্র

ম্যাচ সেরা: নাজমুল হোসেন শান্ত।