মুস্তাফিজের ৪ উইকেট, মেহেদির শতক
প্রথম দিনের হতাশা মুছে দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে খুলনা বিভাগ। মুস্তাফিজুর রহমানের বোলিং ও মেহেদি হাসানের ব্যাটিং নৈপুণ্যে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের লাগাম নিয়েছে খুলনা।
প্রথম দিনে ১১৭ রানে গুটিয়ে যাওয়া খুলনা রোববার ঢাকা বিভাগকে অলআউট করে ১৫৪ রানে। জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নিয়েছেন ৪ উইকেট। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩টি।
প্রথম ইনিংসে ৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষ করেছে খুলনা ৪ উইকেটে ২০৫ রানে। ৬ উইকেট হাতে নিয়ে তাদের লিড ১৬৮ রানের।
ব্যাটিংয়ে খুলনার এই ঘুরে দাঁড়ানোর নায়ক মেহেদি হাসান। চ্যালেঞ্জিং উইকেটে বলের সঙ্গে পাল্লা দিয়ে দারুণ এক শতক উপহার দিয়েছেন এই তরুণ ওপেনার।
টেস্ট ওপেনার ইমরুল কায়েসের দু:সময় অবশ্য চলছেই। আগের ৩ ম্যাচে একবারও ৩০ ছুঁতে না পারা এই ওপেনার এদিন ফিরে গেছেন প্রথম ওভারেই (৪)।
কিন্তু প্রতিআক্রমণে ঢাকার বোলারদের চমকে দেন মেহেদি। ১০টি চারে মাত্র ৩৯ বলে ছুঁয়ে ফেলেন অর্ধশত। ব্যাটের ধার কমেনি এরপরও। মোশাররফকে চার মেরে ঠিক ১০০ বলে ছুঁয়েছেন শতক। সপ্তম প্রথম শ্রেণির ম্যাচে ২০ বছর বয়সী ব্যাটসম্যানের এটি দ্বিতীয় শতক।
দ্বিতীয় উইকেটে এনামুলের সঙ্গে ১৪৮ রানের জুটি গড়েন মেহেদি। ঢাকার প্রথম ইনিংসের নায়ক মাসুম খান শেষ পর্যন্ত থামিয়েছেন তাকে (১০৪)। এই অফ স্পিনার পরে তুলে নেন অভিজ্ঞ তুষার ইমরানকে। মোশাররফ ফেরান অমিত মজুমদারকে।
সাময়িক সেই ধাক্কা কাটিয়ে উইকেটকিপার নুরুল হাসানের সঙ্গে কার্যকর আরেকটি জুটি গড়ে তুলেছেন এনামুল। জাতীয় দলের পর ‘এ’ দলেও জায়গা হারানো এনামুল দিন শেষ করেছেন ৬১ রানে অপরাজিত থেকে।
সকালে ঢাকা খেলতে নেমেছিল ৩ উইকেটে ৭৭ রান নিয়ে। অভিষেকে অর্ধশত করা ওপেনার জয়রাজ শেখকে ফিরিয়ে (৬৫) দিনের প্রথম ব্রেক থ্রু দেন রাজ্জাক। খুলনার বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় দাঁড়াতে পারেননি ঢাকার আর কোনো ব্যাটসম্যান।
আগের দিন ২ উইকেট নেওয়া মুস্তাফিজ এদিন আরও দুটি নিয়ে ছেটে দেন ঢাকার লেজ।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ১১৭
ঢাকা ১ম ইনিংস: ৬৭.৪ ওভারে ১৫৪ (জয়রাজ ৬৫, মায়শুকুর ১২, নাদিফ ১২, সগির ১৮, মোশাররফ ১৭, শরীফ ১, মাসুম ৬, মানিক ২*; মুস্তাফিজ ২০.৪-৭-৪৬-৪, জিয়াউর ৯-৩-২৬-২, মিরাজ ১০-৫-১৮-১, রাজ্জাক ১৮-১২-৬০-৩)।
খুলনা দ্বিতীয় ইনিংস: ৫৬ ওভারে ২০৫/৪ (ইমরুল ৪, মেহেদি ১০৪, এনামুল ৬১*, তুষার ২, অমিত ০, নুরুল ৩৪*; মানিক ৫-০-৩৯-১, শরিফ ১০-৫-৩৪-০, মাসুম ২১-২-৬৪-২, মোশাররফ ১৮-১-৫৭-১, জয়রাজ ২-০-১১-০)।
