২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতেখারের নৈপুণ্যে চট্টগ্রামের দিন

ভালো শুরুর পরও জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী। অফ স্পিনার ইফতেখার সাজ্জাদের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে আড়াই সেশনেই গুটিয়ে গেছে অতিথিদের প্রথম ইনিংস।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 05:50 PM

Updated : 26 Jul 2022, 12:06 PM

২০৮ রানে অলআউট হয়ে যাওয়া রাজশাহী দিনের শেষ ঘণ্টায় বল করে চট্টগ্রামের একটি উইকেটও নিতে পারেনি। তামিম ইকবাল ও নাফিস ইকবালের দৃঢ়তায় প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান। তামিম ৩৫ ও নাফিস ৭ রানে ব্যাট করছেন। 
 
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত কোনোমতে দুইশ’ পার হলেও তার দৃঢ়তায় রাজশাহীর ইনিংসের শুরুতে ছিল বড় সংগ্রহের আভাস। 
 
মিজানুর রহমানের সঙ্গে ৪৩ ও জুনায়েদ সিদ্দিকের সঙ্গে ৫৭ রানের দুটি জুটি গড়ে দলকে ১ উইকেটে ১০০ রানে পৌঁছে দেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান নাজমুল। 
 
৩৩ রান করা জুনায়েদকে ফিরিয়ে রাজশাহীর প্রতিরোধ ভাঙেন ইফতেখার। এই অফস্পিনার একে একে ফিরিয়ে দেন সর্বোচ্চ ৬৩ রান করা নাজমুল, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম ও নিহাদ-উজ-জামানকে। এনিয়ে দ্বিতীয়বার প্রথম শ্রেণির ম্যাচে ৫ উইকেট পেলেন তিনি। 
 
থিতু হয়ে ফিরে যান টেস্ট দলের অধিনাক মুশফিক। ২৪ রান করে ইফতেখারের বলে তাসামুল হককে ক্যাচ দেন তিনি। অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাকির হোসেনের ২৮ ও সানজামুল ইসলামের ১৫ রানের সৌজন্যে দুইশ’ পার হয় রাজশাহীর সংগ্রহ।  
 
৬৩ রানে ৫ উইকেট নিয়ে ইফতেখারই চট্টগ্রামের সেরা বোলার। এছাড়া দুটি করে উইকেট নেন মেহেদি হাসান রানা ও মোহাম্মদ সাইফুদ্দিন। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
রাজশাহী: ৭২ ওভারে ২০৮ (নাজমুল ৬৩, মিজানুর ৭, জুনায়েদ ৩৩, ফরহাদ হোসেন ০, মুশফিক ২৪, শাকির ২৮, ফরহাদ রেজা ৬, মুক্তার ৬, সানজামুল ১৫, নিহাদ ২, শাফাক ০*; ডলার ৫-১-১১-০, মেহেদি রানা ১৬-৫-৪৮-২, ইফতেখার ২১-৪-৬৩-৫, সাইফুদ্দিন ১৩-২-৩৯-২,  নাবিল ১৭-৬-৩১-১)।
 
চট্টগ্রাম: ১৪ ওভারে ৪৩/০ (তামিম ৩৫*, নাফিস ৭*; শাফাক ৪-০-১৫-০, ফরহাদ রেজা ৪-০-১২-০, মুক্তার ২-১-১-০, ফরহাদ হোসেন ৩-১-১৪-০, সানজামুল ১-০-১-০) ।