২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন জহির

আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জহির খান। তবে আইপিএলে আরও এক মৌসুম খেলে যাওয়ার কথা জানিয়েছেন ভারতের এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 04:18 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

ক্যারিয়ারে ৬১০ উইকেট নেওয়া জহির ভারতের অন্যতম সফল পেসারদের একজন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে দেশটির চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ৩১১ উইকেট নিয়ে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পাওয়া সিমারও জহির। ভারতের পেসারদের মধ্যে টেস্টে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল কপিল দেবের (৪৩৪)।

চোটের আঘাতে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি জহির। ২০১৪ সালের মে মাসে পাওয়া বাঁ হাতের চোট তাকে লম্বা সময়ের জন্য ভারত দলের বাইরে ছিটকে ফেলে।

গত বছরের গোড়ার দিকে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভারতের হয়ে খেলা তার সবশেষ টেস্ট। ভারতের হয়ে বাঁহাতি এই পেসারের খেলা সবশেষ ওয়ানডেটি তিন বছর আগে, পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে। ৯২টি টেস্ট, ২০০ ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টিতেই শেষ হচ্ছে তার ক্যারিয়ার।

এক বিবৃতিতে জহির তার সাবেক সব সতীর্থদের ধন্যবাদ জানান। আর ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত হিসেবে উল্লেখ করেন ২০১১ বিশ্বকাপ জয়কে।

"গত দুই দশক ধরে ক্রিকেটই আমার একমাত্র জীবন এবং আসলে এই একটা জিনিসই আমি ভালো জানি।"

১৯৯৬ সালে ব্যাঙ্গালোরে এমআরএফ পেস একাডেমিতে যোগ দেওয়া জহিরের ভারত দলে অভিষেক হয় ২০০০ সালে। নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তার প্রথম ওয়ানডে। ২৯.৪৩ গড়ে ওয়ানডেতে ২৮২ উইকেট নেন তিনি। ২১ উইকেট নিয়ে ২০১১ বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন জহির।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর দেশের ক্রিকেটে অবদান রাখার জন্য জহিরকে ধন্যবাদ জানান।