২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করুনারত্নের শতকে শ্রীলঙ্কার দিন

দিমুথ করুনারত্নের শতকে গল টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। মন্থর ব্যাটিং করলেও সারাদিনে মাত্র দুটি উইকেট হারানোয় প্রথম টেস্টে বড় সংগ্রহের পথে আছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:58 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৫০ রান। সর্বশেষ ১০ টেস্টের আটটিতেই ফল এনে দেওয়া গলে ওভার প্রতি মাত্র ২.৭৭ করে রান সংগ্রহ করেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
 
১৩৫ রানে অপরাজিত রয়েছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান করুনারত্নে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার কোনো ওপেনারের এটাই সর্বোচ্চ রান। নিজের তৃতীয় শতকে ২০০৮ সালে মালিন্দা ওয়ার্নাপুরার গড়া ১২০ রান ছাড়িয়ে যান করুনারত্নে। 
 
দিনের শেষ সেশনে শতকে পৌঁছতে করুনারত্নে খেলেন ২০৭ বল। তার দারুণ এই ইনিংসটি সাজানো ১০টি চার ও একটি ছক্কায়।  
 
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে করুনারত্নের সঙ্গে ১৪৯ রানের জুটি গড়া দিনেশ চান্দিমাল ব্যাট করছেন ৭২ রানে। 
 
এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেন করুনারত্নে ও কৌশল সিলভা। চলতি বছর টেস্টে শ্রীলঙ্কার প্রথম অর্ধশত রানের উদ্বোধনী জুটি গড়েন এই দুইজনে।  
 
কেমার রোচের বলে সিলভা দিনেশ রামদিনের গ্লাভসবন্দি হলে ভাঙে শ্রীলঙ্কার ১৮ ওভার স্থায়ী ৫৬ রানের জুটি। সিলভার বিদায়ের পর করুনরত্নে ও নতুন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে রক্ষণাত্মক ক্রিকেট খেলেন।
 
দলের সংগ্রহ শতরান পার হওয়ার পর ভাঙে দ্বিতীয় উইকেট জুটি। থিরিমান্নেকে ফিরিয়ে ২৩ ওভার স্থায়ী ৪৫ রানের জুটি ভাঙেন দেবেন্দ্র বিশু। ২২ ওভার বল করে প্রথম দিন এই লেগ স্পিনারের উইকেট একটিই।
 
থিরিমান্নের বিদায়ে ক্রিজে আসা চান্দিমালের উইকেট পেতে পারতেন বিশু। তার বলে জেরোম টেইলর সে সময় ১১ রানে ব্যাট করা চান্দিমালের ক্যাচ ধরতে পারলে দিন শেষে খেলার চিত্রটা ভিন্ন হতে পারতো।