২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত উইন্ডিজ কোচ সিমন্স

বরখাস্ত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সকে। আসছে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে ২ দিন আগেই প্রকাশ্যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবেক এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সোমবার এক বিবৃতিতে ফিল সিমন্সকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ইএসপিএনক্রিকইনফোর খবর, সিদ্ধান্তটি সম্পর্কে কিছুই জানা ছিল না সিমন্সের। বোর্ড প্রধান মাইকেল মিউরহেডের পাঠানো ই-মেইলে তিনি জানতে পারেন।

বোর্ডের এই সিদ্ধান্তের সময় সিমন্স ছিলেন লন্ডনে। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল কোচের। এখন আর তার যাওয়া হচ্ছে না। শ্রীলঙ্ক সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন বোর্ডের অন্যতম নির্বাচক ও সাবেক ফাস্ট বোলার এলডিন ব্যাপটিস্ট।

সোমবার বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রধান কোচ ফিল সিমন্সের করা মন্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, যাতে মনে হয়েছে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচন প্রক্রিয়ার বিধিসিদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ। এজন্য এই ইস্যুতে তদন্ত না হওয়া পর্যন্ত প্রধান কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ম্যানেজমেন্ট।”

শ্রীলঙ্কা সফরের আগে শেষ দিনের অনুশীলন শেষে গত বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ানডে দল নির্বাচনে বাইরের হস্তক্ষেপের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সিমন্স।

ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডকে ফেরানো নিয়েই মূলত ছিল মতভেদ। প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড ও কোচ সিমন্স ওই দুজনকে ফেরাতে চাইলেও নির্বাচনী সভায় ৩-২ ভোটে হার মানতে হয় তাদের। এর প্রেক্ষিতেই বাইরের হস্তক্ষেপের কথা জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সিমন্স।

গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব নিয়েছিলেন সিমন্স। তার কোচিংয়ে উন্নতির ছাপ ছিল দলে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছিল ক্যারিবিয়ানরা, লড়াই করে হেরেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এর আগে দীর্ঘ ৮ বছর আয়ারল্যান্ডের কোচ ছিলেন সাবেক এই অলরাউন্ডার। সেখানে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়, প্রশংসিত ছিলেন ক্রিকেট বিশ্বজুড়েই।

সিমন্সের বিদায়ে নতুন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার তার দায়িত্বের শুরুতে পাচ্ছেন নতুন কোচ।

১৪ অক্টোবর গল টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ।