২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ‘সর্বোচ্চ’ নিরাপত্তার আশ্বাস, আশাবাদী কামাল

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসা অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তিনি আশাবাদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 02:37 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

“ক্রিকেটারদের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করি অস্ট্রেলিয়া ক্রিকেট দল যথাসময়ে আসবে।”

তবে সেই আশা কতখানি তা স্পষ্ট হয়নি বৈঠকে অংশ নেওয়া কোনো পক্ষের কথায়।

টেস্ট সিরিজ যথাসময়ে হবে কি-না এমন প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, “এখন বলতে পারব না। এখনও তো অনেক সময় রয়েছে। অস্ট্রেলিয়া টিম দু’দিন আগে আসলেও তো যথাসময়ে হতে পারে।”

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্ব চার সদস্যের প্রতিনিধি দল সোমবার দুপুরের আগে মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টার এই বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান, ভারপ্রাপ্ত পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং ঢাকায় অস্ট্রেলিয়ায় হাই কমিশনার গ্রেগ উইলককও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমাদের নিরাপত্তা ব্যবস্থা তাদের জানিয়েছি। সকল ধরনের নিরাপত্তার বিষয় তুলে ধরে বলা হয়েছে- বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী দেশ, তাদের কোনো অসুবিধা হবে না।”

হাই কমিশনার গ্রেগ উইলকক বলেন, “দুই দেশই ক্রিকেট ভালবাসে। নিরাপত্তার বিষয়ে আমরা একটা ম্যাসেজ পেয়েছিলাম, সে বিষয়ে এখানে এসে বৈঠক করলাম। আলোচনা হয়েছে।”

তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসা- না আসার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “উনারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসেছেন। আমরা তাদের বলেছি, ক্রিকেটারদের ভিভিআইপি নিরাপত্তা দেব। বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের উদাহরণও দিয়েছি।”

অস্ট্রেলিয়ার এই নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে যা দেখে গেলেন, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।

দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’ কথা জানিয়ে শনিবার হঠাৎ করেই সফর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) বাংলাদেশে ভ্রমণে বিষয়ে সতর্কতা জারি করায় সফর পেছানোর এই সিদ্ধান্ত।  

গত শুক্রবার ওয়েবসাইটে দেওয়া ডিএফএটির ওই নোটিসে বলা হয়, জঙ্গিরা বাংলাদেশে ‘অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর’ আঘাত হানার পরিকল্পনা করছে- এমন ‘নির্ভরযোগ্য তথ্য’ তাদের হাতে রয়েছে।

এ সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিস্ময় প্রকাশ করলে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল নিরাপত্তা পরিস্থিতি ও পরিকল্পনা খতিয়ে দেখতে রোববার বাংলাদেশে আসেন এবং দুটি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেন।

নিরাপত্তার বিষয়ে কোনো দেশের এ ধরনের বক্তব্য সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে জানানো হয়। এক্ষেত্রে তার ব্যতিক্রমের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিসিবি সভাপতি বলেন, “আমি বলতে পারব না। তবে আসার দু’দিন আগে এ ধরনের সিদ্ধান্তে আমরা বিস্মিত হয়েছি।”

তিনি বলেন, “আগেও বলেছি, এখনো বলছি- বাংলাদেশ ইজ এ সেইফ কান্ট্রি ফর ক্রিকেট। এদেশে কয়েকদিন আগে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা খেলে গেছে। এখন তাদের না আসার মত কিছু এখানে ঘটেনি।”

সোমবার বিকেলে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই কর্মকর্তা র‌্যাব সদর দপ্তরে গেলে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির তাদের সামনে তুলে ধরা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেও বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ ছিল না, তা তাদের জানানো হয়েছে।”

এই র‌্যাব কর্মকর্তা বলেন, “তারা নিজেদের দেশে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের জানাবেন। এরপর সেখানকার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, অষ্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ আসবে কিনা। উনারা শুধু শুনেছেন, তেমন কোন কিছু বলেননি।”

পুরনো খবর:

অস্ট্রেলিয়ার সফর নিয়ে স্পষ্ট চিত্র মিলবে সোমবার
অস্ট্রেলিয়ার আশঙ্কা খামোখা: মন্ত্রী