আনোয়ারের পরিবর্তে পাকিস্তান দলে আমির
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলে একটি পরিবর্তন আনতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। চোটের কারণে ছিটকে পড়া অলরাউন্ডার আনোয়ার আলির জায়গায় আমির ইয়ামিনকে ডেকেছে তারা।
আগে থেকেই চোট থাকার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আনোয়ার আলিকে দলে রাখেননি পাকিস্তানের নির্বাচকরা। তারা ধারণা করেছিলেন, ওয়ানডে সিরিজের আগে সেরে উঠবেন এই ফাস্ট বোলিং অলরাউন্ডার।
শেষ পর্যন্ত আনোয়ার সেরে না ওঠায় মুলতানের অনভিষিক্ত অলরাউন্ডার আমিরকে দলে নেয় নির্বাচকরা। পিসিবি টুইটারের মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি জানায়।
২৫ বছর বয়সী আমির ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৯.১৮ গড়ে তিনটি শতকসহ ১ হাজার ৫৮ রান করেন। বল হাতে ২৮.৩৪ গড়ে নেন ৫৮ উইকেট, এর মধ্যে তিনবার তিনি ইনিংসে কমপক্ষে ৫ উইকেট নেন।
হারারেতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে আগামী বৃহস্পতিবার। পরের দুটি ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল: আজহার আলি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, বাবর আজম, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, আমির ইয়ামিন, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, রাহাত আলি, মোহাম্মদ ইরফান।
