সিএবির প্রধান হচ্ছেন গাঙ্গুলি
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্ব নিচ্ছেন, যে পদে এতোদিন ছিলেন জগমোহন ডালমিয়া।
ভারতীয় ক্রিকেট বোর্ডেরও প্রধানের দায়িত্বে ছিলেন ডালমিয়া।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার সন্ধ্যায় সিএবির সভাপতি হিসেবে গাঙ্গুলির নাম ঘোষণা করেন বলে এনডিটিভির খবর।
বর্ষীয়ান ক্রিকেট সংগঠক জগমোহন ডালমিয়ার মৃত্যুতে সিএবি প্রধানের পদ শূন্য হয়ে পড়াটাকে 'সঙ্কটকাল' হিসেবে বর্ণনা করে মমতা বলেন, "ডালমিয়ার ফেলে যাওয়া দায়িত্ব কাউকে সামনে এগিয়ে নিতে হবে। আমার মতে, সৌরভই এক্ষেত্রে সঠিক মানুষ।"
গত ১৪ মাস ধরে সিএবির যুগ্ম সচিব হিসেবে কাজ করছেন সাবেক বাঁহাতি ব্যাটসম্যান গাঙ্গুলি।
নতুন দায়িত্বকে 'চ্যালেঞ্জ' হিসেবে দেখছেন তিনি, "সিএবির কর্মকর্তাদের সঙ্গে আমি ১৪ মাস ধরে কাজ করছি। সবকিছুই একটা চ্যালেঞ্জ। আমরা ১১৭ সদস্যের সবার সঙ্গে কথা বলে আগামী দিনের কর্মকাণ্ড ঠিক করব। আমি যা পারি তাই করব।"
মমতা ব্যানার্জি আরও জানান, ডালমিয়ার ছেলে অভিষেকও সিএবির পরিকল্পনার অংশ হবেন। এই সিদ্ধান্তে গাঙ্গুলিও সন্তোষ প্রকাশ করেছেন।
