কর্নাটকের কাছে মুমিনুলদের হার
ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ২০১৪-১৫ মৌসুমে ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের কাছে তিন দিনের ম্যাচে হেরেছে মুমিনুল হকের দল।
শেষ দিন ৪ উইকেটে হারা বাংলাদেশ ‘এ’ দল সফরের শেষ তিন দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবে।
বৃহস্পতিবার মহিশুরের শ্রীকান্তদত্ত নরসিমহা রাজা ওয়াদেয়ার মাঠে ৩ উইকেটে ১৮৮ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। আগের দিন ৩৭ রান করা লিটন এই দিন ১ রান যোগ করেই ফিরে যান।
উইকেটে থেকেও নিজেদের ইনিংস খুব একটা বড় করতে পারেননি সৌম্য সরকার ও নাসির হোসেন। ৪৩ রান করে সৌম্য ও ৪৪ রান করে নাসির বিদায় নিলে অতিথিদের ওপর চাপ আরও বাড়ে।
এক সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৮৫ রান। নাসির-শুভাগত হোম চৌধুরীর দৃঢ়তায় তখন ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু নাসিরের বিদায়ের পর খেলার চিত্রটা পুরোপুরি পাল্টে যায়। মাত্র ২৪ রানে শেষ ৫ উইকেট হারায় অতিথিরা।
দলীয় ৩০৯ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আল আমিন হোসেন ফিরে যাওয়ার সময় ৫০ রানে অপরাজিত থাকেন শুভাগত। প্রথম ইনিংসেও অর্ধশতক করেন তিনি।
৬০ রানে ৬ উইকেট নিয়ে অভিষিক্ত বাঁহাতি স্পিনার জগদিশ সুচিত কর্নাটকের সফলতম বোলার।
১৮০ রানের ছোট্ট পুঁজি নিয়েও লড়াইয়ের চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। কিন্তু ম্যাচ বাঁচানোর জন্য বা দলকে জয় এনে দেওয়ার জন্য সেই প্রচেষ্টা যথেষ্ট ছিল না।
চিম্বাদম্বা গৌতমের ৪৯, শ্রেয়াস গোপালের অপরাজিত ৪০ ও অভিষেক রেড্ডির ৩৬ রানের তিনটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কর্নাটক।
বাংলাদেশের আল আমিন ও সাকলাইন সজীব দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন কামরুল ইসলাম ও জুবায়ের হোসেন।
