২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিএবি প্রধান হবেন সৌরভ?

বর্ষীয়ান ক্রিকেট সংগঠক জগমোহন ডালমিয়ার মৃত্যুতে শূন্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মতো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির পদও। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, সিএবির প্রধান পদে দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলিকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 08:42 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ বর্তমানে সিএবির যুগ্ম সম্পাদক। বুধবার তিনি দেখা করেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে।
 
রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৫ বয়সী ডালমিয়া। এই মুহূর্তে সিএবিতে তার স্থলাভিষিক্ত হওয়ার মতো দৃশ্যমান কেউ নেই। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও ক্রিকেট প্রশাসনে অনভিজ্ঞতা তার বিপক্ষে যেতে পারে। 
 
মাত্র এক বছর ধরে সিএবি কর্মকর্তা হিসেবে কাজ করছেন সাবেক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সৌরভ। 
 
সিএবির একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, সোমবার ডালমিয়ার শেষকৃত্যের সময় মমতা ব্যানার্জি সৌরভকে ডালমিয়ার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন।
 
সিএবির নির্বাচনে ভোটাধিকার রয়েছে ১২১টি ইউনিটের। দুই সাবেক বিসিসিআই সদস্য চিত্রক মিত্র ও গৌতম দাসগুপ্তও সিবিএ সভাপতি হওয়ার দিকে তাকিয়ে থাকায় সৌরভের জন্য কাজটা সহজ হবে না। এছাড়া সিএবির বর্তমান কোষাধ্যক্ষ বিশ্বরুপ দেও আরেকজন শক্তিশালী প্রার্থী হতে পারেন।