‘ডালমিয়া ছিলেন মাঠের বাইরের টেন্ডুলকার’
বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির মতে, ডালমিয়া ছিলেন মাঠের বাইরের শচিন টেন্ডুলকার।
বিসিবির পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় বোর্ড প্রধান নাজমুল হাসান স্মরণ করেন বাংলাদেশের ক্রিকেটে জগমোহন ডালমিয়ার ভূমিকা।
“ডালমিয়া চলে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট হারাল সত্যিকারের এক বন্ধু ও শুভাকাঙ্খীকে। বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ায় ডালমিয়ার সহযোগিতা আমরা সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করব। বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়াও ছিল তার দূরদৃষ্টি ও আন্তরিক সহযোগিতার ফল।”
নাজমুল হাসান বলেন, কীর্তি দিয়েই অমর থাকবেন ডালমিয়া।
“বিশ্ব ক্রিকেট অবশ্যই তার ক্ষুরধার নেতৃত্ব ও দূরদৃষ্টির অভাব বোধ করবে। তবে ক্রিকেট প্রশাসনে যে উজ্জ্বল ছাপ তিনি রেখে গেছেন, তা বেঁচে থাকবে সবসময়।”
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বোর্ডের সবচেয়ে পুরোনো কর্মকর্তাদের একজন। সেই সময় খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের ক্রিকেটে ডালমিয়ার ভূমিকা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও ডালমিয়ার সহযোগিতার কথা জানালেন তিনি।
বিশ্ব ক্রিকেটের খোলনলচে পাল্টে দেওয়াতেও ডালমিয়ার ভুমিকার কথা বললেন প্রধান নির্বাহী।
“অসম্ভব দৃরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। ক্রিকেটে টিভি সত্ত্ব থেকে এত বেশি আয় করার ব্যাপারটি তারই মস্তিষ্ক প্রসূত। তার দেখানো পথেই পরে হেঁটেছে সবগুলো ক্রিকেট বোর্ড। এখন টিভি সত্ত্বই সব দেশের বোর্ড ও আইসিসির মূল আয়। বিশ্ব ক্রিকেট চলছেই এটার ওপর নির্ভর করে।”
প্রধান নির্বাহীর মতে, সংগঠক হিসেবে ডালমিয়া কীর্তিমান ক্রিকেটারদের মতোই কিংবদন্তি।
“বিশাল এক ব্যক্ত্বিত্ব ছিলেন। এখনও আমি বিশ্ব ক্রিকেটের বিভিন্ন ফোরামে যাই, দেখি। কিন্তু তার মত ব্যক্ত্বিত্ব বিরল। মাঠের ভেতর যদি শচিন টেন্ডুলকার, সুনিল গাভাস্কাররা কিংবদন্তি হন, ডালমিয়াকে তাহলে মাঠের বাইরের টেন্ডুলকার বলতেই পারি।”
সময় স্বল্পতা ও ভিসা সমস্যায় ডালমিয়ার শেষকৃত্যে যেতে পারেননি বিসিবির কেউ। বিসিবি প্রধানও দেশের বাইরে। তবে দেশে ফিরেই বিসিবি প্রধান ভারতে যাবেন বলে জানালেন প্রধান নির্বাহী।
রোববার সন্ধ্যায় কলকাতায় মারা যায় ডালমিয়া। গত বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৭৫ বছর বয়সী এই সংগঠককে।
