২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির দাপটে জাতীয় লিগের চার ম্যাচই ড্র

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের চতুর্থ ও শেষ দিনেও ছিল বৃষ্টির দাপট। তাই প্রত্যাশিত ড্র হয়েছে প্রথম শ্রেণির এই ক্রিকেট প্রতিযোগিতার চার ম্যাচই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 04:44 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

সোমবার প্রথম স্তরের ঢাকা বিভাগ-খুলনা বিভাগ এবং দ্বিতীয় স্তরের সিলেট বিভাগ-চট্টগ্রাম বিভাগ ম্যাচে কিছুক্ষণ খেলা হয়। 
 
৪ উইকেটে ১৬৮ রান নিয়ে খেলা শুরু করে খুলনা। মোশাররফ হোসেনের দারুণ বোলিংয়ে অলআউট হওয়ার আগে ৩৪০ রান করে তারা। সর্বোচ্চ ৮৭ রান করেন মোহাম্মদ মিঠুন। এছাড়া ৫৩ রান করে আসে মেহেদি হাসান ও নুরুল হাসানের ব্যাট থেকে। 
 
ঢাকার বাঁহাতি স্পিনার মোশাররফ ৭ উইকেট নেন ১১৯ রানে। এছাড়া নাজমুল ইসলাম ৭৯ রানে নেন দুই উইকেট। 
 
দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করে ঢাকা। মায়শুকুর রহমান ৬ ও আব্দুল মজিদ ৯ রানে অপরাজিত থাকেন।  এর আগে প্রথম ইনিংসে ১৮৭ করে ঢাকা বিভাগ। 
 
ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের মধ্যকার প্রথম স্তরের অন্য ম্যাচে চতুর্থ দিন খেলা সম্ভব হয়নি।  
 
দ্বিতীয় স্তরের ম্যাচে ৮ উইকেটে ৩৫২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট বিভাগ। জবাবে  মাত্র ৪ ওভার খেলার সুযোগ মেলে চট্টগ্রামের। তাতে ৩৬ রান সংগ্রহ করেন তামিম ইকবাল (অপরাজিত ১৩) ও ইয়াসির আলী (অপরাজিত ২৩)।
 
রাজশাহী ও বরিশাল বিভাগের মধ্যকার দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে চতুর্থ দিন খেলা সম্ভব হয়নি। 
 
এর আগে তৃতীয় দিন বৃষ্টির দাপটে চার ম্যাচের কোনোটিই মাঠে গড়াতে পারেনি।