২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভাবনায় অস্ট্রেলিয়ার শ্রীরাম-শরণ

বাংলাদেশ সফরের জন্য শ্রীধরন শ্রীরামকে কোচিং পরামর্শক নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্পিনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের টেকনিক শাণিত করবেন সাবেক ভারতীয় স্পিনিং অলরাউন্ডার, কাজ করবেন স্পিনারদের সঙ্গেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 01:28 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

গত জুলাই-অগাস্টে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে পরামর্শক হিসেবে কাজ করেন শ্রীরাম। অস্ট্রেলিয়ান স্পিনার ও তরুণ ব্যাটসম্যানরা দারুণ উপকৃত হয়েছিলেন তার সঙ্গে কাজ করে। সাবেক বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার এবার পেলেন তারই পুরস্কার। বাংলাদেশ সফরে তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার কোচিং পরামর্শক।

ভারতের হয়ে ৮টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে শ্রীরামের। যার সবশেষ দুটি ছিল বাংলাদেশের মাটিতেই, ২০০৪ সালে। সবশেষ ম্যাচে ৫৭ রান ও ১ উইকেট নেওয়ার পরও আর সুযোগ পাননি।

গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে ঢাকার প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও আছে শ্রীরামের।

২০১২ সালে ক্রিকেট ছাড়ার পর নাম লিখিয়েছেন কোচিংয়ে। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে মূল কোচ গ্যারি কারস্টেনের সহকারী তিনি।

অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে যুক্ত হতে পেরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ৩৯ বছর বয়সী সাবেক অলরাউন্ডার।

“অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে কাজ করতে পারা অনেক বড় সম্মান। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি আমি। উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ও জ্ঞান ছেলেদের সঙ্গে ভাগাভাগি করার জন্য মুখিয়ে আছি আমি।”

শুধু বাংলাদেশ সফরের জন্য কাজ করলেও শ্রীরামের বিশ্বাস, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উপকার হবে সুদূরপ্রসারী, “দীর্ঘমেয়াদে আমি নিজেকে এভাবেই দেখছি যে, অস্ট্রলিয়ান ব্যাটসম্যানদের স্পিন খেলায় দক্ষ করে তুলতে সহায়তা করব এবং স্পিনারদেরও ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের বিপক্ষে ও কন্ডিশনে বোলিং করার মানসিকতা ও টেকনিক বোঝাতে সাহায্য করব।”

২ টেস্টের সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া।