রাজিন, রুম্মানের ব্যাটে বড় সংগ্রহের পথে সিলেট
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় টায়ারের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে সিলেট বিভাগ। প্রথম দিনের খেলা শেষে দলকে ভালো অবস্থানে রেখেছেন রাজিন সালেহ ও রুম্মান আহমেদ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ২৪০ রান। রাজিন ৭২ ও রুম্মান ৭০ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১২৯ রানের জুটি গড়েছেন এই দুই জনে।
শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সায়েম আলমের উইকেট হারায় সিলেট। দলীয় ৪১ রানে ফিরে যান তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান (২২)। নাবিল সামাদের বলে ইমতিয়াজ হোসেন (৩৭) তাসামুল হকের হাতে ধরা পড়লে বিপদ আরও বাড়ে সিলেটের।
ভালো করতে পারেননি অধিনায়ক অলক কাপালী। ১৫ রান করে বিদায় নেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। দলীয় ১১১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর ৪১.৫ ওভার অবিচ্ছিন্ন থেকে দলকে এগিয়ে নিচ্ছেন রাজিন-রুম্মান।
চট্টগ্রামের মেরাজুল হক ও নাবিল দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট: ২৪০/৪ (ইমতিয়াজ ৩৭, সায়েম ৪, জাকির ২২, রাজিন ৭২*, কাপালী ১৫, রুম্মান ৭০*; মেরাজুল ১৩-৫-৩৫-২, মেহেদি ১৩-৪-২৮-০, নাবিল ৩২-১০-৭২-২, সাইফুদ্দিন ১০-২-২১-০, সাজ্জাদ ১৮-০-৫৮-০, তাসামুল ৩-০-১৮-০, মামুন ১-০-৩-০ )
