ভবিষ্যতে বিপিএল হবে ১০ দলের
বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ভবিষ্যতে বিপিএল হবে ১০টি দল নিয়ে।
বুধবার বিপিএলের তৃতীয় আসরের ছয়টি দল এবং শুরুর দিনক্ষণ জানাতে সংবাদ সম্মেলন করে বিপিএলে গভর্নিং কাউন্সিল। শের-ই-বাংলা স্টেডিয়ামে এই সংবাদ সম্মেলনেই জানানো হয় ভবিষ্যতে দল বাড়ানোর কথা।
বিপিএলের দ্বিতীয় আসরে সাত দল খেললেও এবার তৃতীয় আসরে খেলবে ছয়টি দল। এর মধ্যে আবার আগের দলগুলি থেকে খুলনা ও রাজশাহী নেই, নতুন যুক্ত হয়েছে কুমিল্লা দল।
বিভাগ না হয়েও কুমিল্লা কিভাবে দল পেল, সেটির ব্যাখ্যা দিতে গিয়ে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, “যেহেতু বিভাগ বাড়ছে, আরও বাড়তে পারে, এজন্য আমরা আর ডিভিশনে যাচ্ছি না। দল বিবেচনা করছি সিটি কর্পোরেশন ভিত্তি করে। ভবিষ্যতে বিপিএল ১০ দলের হবে। তবে সিটি কর্পোরেশন ২০টি হয়ে গেলেও দল আমাদের ১০টিই থাকবে।”
বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ২২ নভেম্বর, খেলা শুরু ২৪ নভেম্বর।
