২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়ের থেকে পরামর্শ নেবেন মুমিনুল

বাংলাদেশ ‘এ’ দলের চলতি ভারত সফরে ব্যাটিং ও ক্রিকেটের অন্যান্য দিক নিয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলবেন মুমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 07:26 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

দুই সপ্তাহের সফরে সোমবার ব্যাঙ্গালোর পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক।

সফরে পাঁচটি ম্যাচের চারটিতেই বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। ভারতীয় দলটির কোচ রাহুল দ্রাবিড়। ব্যাটিংয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি এই সফরটিকে মুমিনুল দেখছেন দ্রাবিড়ের সংস্পর্শ পাওয়ার সুযোগ হিসেবেও।

ভারতের ‘এ’ দলের কোচ যে দ্রাবিড়, সেটা আগে থেকেই জানতেন মুমিনুল। ব্যাটিং কিংবদন্তির সঙ্গে কথা বলার ভাবনাটাও মাথায় খেলা করছে দল ঘোষণার পর থেকেই।

দেশ ছাড়ার আগে মুমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানালেন, সুযোগ পেলে ভারতে গিয়ে সময় কাটাতে চান দ্রাবিড়ের সঙ্গে।

“যেহেতু ‘এ’ দলের খেলা, আন্তর্জাতিক ম্যাচের মতো এত কড়াকড়ি থাকবে না। চাপও এত বেশি থাকবে না। দ্রাবিড় হয়ত অতটা ব্যস্তও থাকবে না। আশা করি তার কাছাকাছি যেতে পারব। যতটা পারা যায় কথা বলা, সময় কাটানোর চেষ্টা করব।”

প্রায় দেড় যুগ ধরে ভারতের ব্যাটিং ভরসা ছিলেন দ্রাবিড়। ১৬৪ টেস্টে ৩৬টি শতকে ৫২.৩১ গড়ে ১৩ হাজার ২৮৮ রান তাকে ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী জায়গা দিতে যথেষ্ট। তবে দ্রাবিড় ছিলেন এই পরিসংখ্যানের চেয়েও বেশি কিছু। তিনি ছিলেন ব্যাটিং শুদ্ধতার প্রতীক। টেকনিক, মনোযোগ, ধৈর্য, লম্বা ইনিংস খেলা, সবকিছুতেই তাকে মানা হতো আদর্শ।

মুমিনুলের মাঝেও বাংলাদেশের ক্রিকেট দেখছে ভবিষ্যতের এক আদর্শ টেস্ট ব্যাটসম্যানের প্রতিচ্ছবি। পরামর্শ নেওয়ার জন্য তাই দ্রাবিড়ের চেয়ে আদর্শ আর কে হতে পারেন!

মুমিনুলও বললেন, কথা বলার সুযোগ পেলে দ্রাবিড়ের কাছ থেকে জানার আছে অনেক কিছু।

“সুযোগ পেলে তো তার কাছ থেকে জানার আছে অনেক কিছু। ব্যাটিংয়ে তার যতটা জ্ঞান, আমি বাঁহাতি হলেও অনেক কিছু শিখতে পারব। টেম্পারামেন্ট নিয়ে কথা বলা যাবে। টেস্ট ব্যাটিংয়ের অনেক মানসিক দিক আছে। এসব নিয়েও কথা বলতে চাই।”

দ্রাবিড়ের সঙ্গে একটা জায়গায় মুমিনুলের দারুণ মিল। টেস্ট ক্যারিয়ারে শুরু থেকে দারুণ সফল হলেও ওয়ানডেতে গ্রহণযোগ্যতা পেতে দ্রাবিড়কে লড়তে হয়েছে অনেক। সেই দ্রাবিড় পরে ওয়ানডেতেও ১২টি শতক আর ৮৩টি অর্ধশতকে রান করেছেন ১০ হাজার ৮৮৯।

মুমিনুলও এখন লড়ছেন ওয়ানডেতে নিজেকে প্রমাণ করতে। ব্যাটিংয়ের এই দিকটা নিয়েও দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে চান মুমিনুল।

“দ্রাবিড়কে সবাই টেস্ট ব্যাটসম্যান বললেও ওয়ানডেতেও দারুণ সফল। ব্যাটিংয়ে খুব পরিবর্তন না করেই ওয়ানডেতে অনেক রান করেছে। এই ব্যাপারেও তার কাছ থেকে টিপস নিতে চাই।”

ভারত সফরে মুমিনুলদের সিরিজ শুরু হয়ে যাচ্ছে বুধবার। ব্যাঙ্গালোর চিন্নস্বামী স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে একদিনের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।