২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগের সঙ্গেই আছে ওয়ালটন

এবারও জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটন। এই নিয়ে টানা চারবার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টটির স্পন্সর হলো কোম্পানিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 06:21 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের ১৭তম আসর শুরু হচ্ছে আগামী শুক্রবার। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বিসিবি।

বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খানের আশা, ভবিষ্যতেও তারা পাশে পাবেন ওয়ালটনকে।

“গত কয়েক বছরের মত এবারও জাতীয় লিগের স্পন্সর ওয়ালটন। বোর্ডের তরফ থেকে আমরা ওয়ালটনকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও তাদেরকে আমরা পাশে পাব বিভিন্ন আয়োজনে।”

ওয়ালটনের পলিসি ও মানবসম্পদ বিভাগের প্রধান এস এম জাহিদ হাসান শোনালেন তাদের ভাবনার কথা।

“ওয়ালটন সবসময়ই ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান। এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেটের চেয়ে বড় ব্র্যান্ড আর নেই। আর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় লিগ। আমরা সবসময়ই বিসিবি ও ক্রিকেটের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও থাকব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।

এই প্রথম দুই স্তরে হতে যাচ্ছে জাতীয় লিগ। গত লিগের শীর্ষ চার দল রংপুর, খুলনা, ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো খেলবে প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে খেলবে গত লিগের শেষের চার দল চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেট।

লিগ শেষে প্রথম স্তরের শেষ দল নেমে যাবে দ্বিতীয় স্তরে। আর দ্বিতীয় স্তরের শীর্ষ দল উঠবে প্রথম স্তরে।