ওয়ার্নের সঙ্গে কেক কেটেছিলেন হাথুরুসিংহে
স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ও বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহের জন্মদিন একই দিনে, ১৩ সেপ্টেম্বর। দুজন একবার একসঙ্গে জন্মদিনের কেকও কেটেছিলেন।
জীবনের ইনিংসে রোববার ৪৭ পূর্ণ করেন হাথুরুসিংহে। তবে পেশাদারিত্বের সঙ্গে আপোষ নেই বিশেষ দিনেও। জন্মদিনেও সকাল থেকেই ছিলেন মাঠে।
জাতীয় দলের অনুশীলন যদিও ছিল দুপুর থেকে। কিন্তু ভারত সফরগামী বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলন ছিল সকালে। ‘এ’ দলের কোচ হিথ স্ট্রিক। তবুও সকাল থেকেই ‘এ’ দলের অনুশীলনে ছিলেন হাথুরুসিংহে। নিবিড়ভাবে সময় কাটান ক্রিকেটারদের সঙ্গে। আলাদা করে কাজ করলেন এনামুল হক, সৌম্য সরকার, রনি তালুকদারদের সঙ্গে।
বাংলাদেশ কোচকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ফুরসত মিলল অনুশীলন শেষে তিনি ফেরার পথে। ‘হ্যাপি ফোরটি সেভেন, চন্দিকা’, শুভেচ্ছা জানাতেই ধন্যবাদ জানালেন এক গাল হাসি উপহার দিয়ে।
‘এক কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিনও আজকেই, জানা আছে সেটা?’ প্রশ্ন ছুঁড়ে দিতেই মুহূর্তের জন্য থমকে গেলেন হাথুরুসিংহে। খানিকপরই মুখে আবার হাসি, ‘ওহ হ্যাঁ, শেন ওয়ার্ন!’
১৩ সেপ্টেম্বর শেন ওয়ার্নেরও জন্মদিন। ১৯৬৮ সালে কলম্বোয় জন্ম হাথুরুসিংহের, এক বছর পর ঠিক একই দিনে মেলবোর্নের উপকণ্ঠ ফার্নট্রি গালিতে জন্ম শেন কিথ ওয়ার্নের।
পরে টেস্ট ক্রিকেটে দুজনের অভিষেকও প্রায় বছর খানেকের ব্যবধানে। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্যাপ পান হাথুরুসিংহে, ১৯৯২ সালের জানুয়ারিতে ওয়ার্ন। মিলের শেষ ওখানেই!
ওয়ার্ন ব্যর্থ ছিলেন পরের টেস্টেও, এবার উইকেটও জোটেনি।
দুজনের দুই রকম শুরুর মতো ক্যারিয়ারের গতিপথও ছিল উল্টোমুখী। উজ্জ্বল শুরুর পরও উদ্বোধনী ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার হাথুরুসিংহে পূরণ করতে পারেননি প্রতিশ্রুতি। ২৬ টেস্ট আর ৩৫ ওয়ানডেতেই থমকে যায় আন্তর্জাতিক ক্যারিয়ার।
আর বিবর্ণ শুরুর পরও ওয়ার্ন আস্তে আস্তে চিরস্থায়ী আসন করে নেন ক্রিকেট ইতিহাসে। তার হাত থেকে বের হয় ‘বল অব দা সেঞ্চুরি’, দেশকে বিশ্বকাপ জেতান সেমি-ফাইনাল ও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়ে (১৯৯৯ বিশ্বকাপ)। রেকর্ডের পর রেকর্ড গড়েন, তার হাত ধরে পুনর্জন্ম হয় লেগ স্পিন নামক শিল্পের। হয়ে ওঠেন সর্বকালের সেরা লেগ স্পিনার, অনেকের মতে সর্বকালের সেরা বোলারও। সব ছাপিয়ে ওয়ার্ন হয়ে ওঠেন লেগ স্পিনেরই প্রতিশব্দ। লেগ স্পিন মানেই ওয়ার্ন!
ক্রিকেট ক্যারিয়ারের অপূর্ণতা ঘোচাতে হাথুরুসিংহে কোচিংয়ে গাইছেন সাফল্যের জয়গান।
যে সূত্রে দুজনকে পাশাপাশি রাখা, সেই জন্মদিন নিয়ে ওয়ার্নের সঙ্গে একটি স্মৃতির কথাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাথুরুসিংহে।
“ওয়ার্নের সঙ্গে একবার জন্মদিনের কেক কেটেছিলাম। ১৯৯২ সালে টেস্ট ম্যাচ শেষে একসঙ্গেই কেটেছিলাম কেক। দারুণ স্মৃতি!”
ওয়ার্ন তার জাদুর ঝলক প্রথম দেখান সেই সিরিজেই। মোরাতুয়া টেস্টের আগের টেস্ট ছিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। শেষ ইনিংসে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ১৮১। রান তাড়ায় এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২৭। সেখান থেকে হুড়মুড় করে ভেঙে পড়ে লঙ্কান ইনিংস। গুটিয়ে যায় ১৬৪ রানে। মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের লেজ মুড়ে দেন ওয়ার্ন।
হাথুরুসিংহে মনে করেন, গ্রেটনেসের ইঙ্গিত তখনই ছিল ওয়ার্নের মাঝে।
“এতদূর যাবে এটা তখন ভাবার উপায় ছিল না। তবে তখনই সবাই বলাবলি করছিল এই ছেলেটা স্পেশাল।”
সেই ইঙ্গিত প্রমাণ করে ওয়ার্ন সত্যিই হয়ে উঠেছেন স্পেশাল। আর খেলোয়াড় হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারা হাথুরুসিংহে এখন কোচ হিসেবে ‘স্পেশাল’ হওয়ার চেষ্টায়!
