‘বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দাবিদার’
এশিয়া কাপ আয়োজনের জন্য বাংলাদেশকে অত্যন্ত শক্তিশালী দাবিদার বলে মনে করছেন আমিনুল ইসলাম বুলবুল।
২০১২ ও ২০১৪ সালে এশিয়া কাপের সর্বশেষ দুই আসর বসে বাংলাদেশে। কিছু দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানান, সম্ভাব্য ভেন্যু ভারত হলেও টুর্নামেন্ট আয়োজনের ভালো সম্ভাবনা আছে বাংলাদেশেও।
আইসিসির প্রতিনিধি হয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পর্যবেক্ষণে আসা আমিনুল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে হওয়া এশিয়া কাপের প্রতিটি টুর্নামেন্ট দারুণ সফল। তাই এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনায় নিজের দেশকে পিছিয়ে রাখছেন না তিনি।
“এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল, বাণিজ্যিকভাবে সফল আসরগুলো হয়েছে বাংলাদেশে। যে কয়বার হয়েছে, ততবারই। এবারও বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দাবিদার।”
এশিয়া কাপে পর্যায়ক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্ট হবে। সেই হিসাবে আগামী বছরই প্রথমবারের মতো এশিয়া কাপে হবে টি-টোয়েন্টি ক্রিকেট। ত্রয়োদশ আসরের সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাতও।
“ভারত ও সংযুক্ত আরব আমিরাতও আগ্রহী। আমি আশা করব বাংলাদেশেই হোক।”
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভায় ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
