ভারতে একদিনের ম্যাচের সিরিজ জিততে চান নাসির
বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফরে একদিনের ম্যাচের সিরিজটি জিততে চান দলের সহ-অধিনায়ক নাসির হোসেন। তিন দিনের ম্যাচের সিরিজেও ভালো করে প্রস্তুতি নিতে চান অস্ট্রেলিয়া সিরিজে জন্য।
এমনিতে ‘এ’ দলকে বলা হয় ছায়া জাতীয় দল। ‘এ’ দলের ম্যাচে দলীয় সাফল্যের চেয়ে মূলত ব্যক্তিগত পারফরম্যান্সটাই মূখ্য হয়ে ওঠে অনেক সময়। বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফরও ব্যতিক্রম নয়। এই দলের কেউ কেউ আছেন জাতীয় দলে ফেরার লড়াইয়ে, কেউ আছেন দলে জায়গা পাকা করার লড়াইয়ে। দলে থিতু কারও কারও আবার প্রয়োজন নতুন মৌসুমের আগে ম্যাচ অনুশীলন।
“বেশ কিছু দিন বিরতি ছিল আমাদের। এরপর অনুশীলন করছি। বেশ কজন জাতীয় দলের ক্রিকেটার আছে দলে। অনেকেই আছে যারা এখন দলে নেই। আমাদের সবার ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ভালো হবে এই সফর। ক্যারিয়ারের জন্য ভালো হবে।”
তবে শুধু ব্যক্তিগত লক্ষ্যই নয়, দল হিসেবেও একটা লক্ষ্যের কথা জানালেন ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের সহ-অধিনায়ক।
“ওয়ানডে সিরিজটা জিততে চাই আমরা। তিন দিনের ম্যাচে এমনিতে ফল হয় খুব কমই। তারপরও ভালো খেলার লক্ষ্য থাকবে। তিন দিনের ম্যাচের সিরিজটা পরে হওয়ায় ভালো হয়েছে। কারণ এসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট।”
ভারত সফর না থাকলে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় লিগের একটি-দুটি রাউন্ড খেলার কথা ছিল জাতীয় ক্রিকেটারদের। তবে নাসিরের ধারণা, জাতীয় লিগের চেয়ে ‘এ’ দলের সফরে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্ততি আরও ভালো হবে।
এই সফরে প্রথমবারের মতো বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। নতুন অধিনায়কের জন্য কাজটি কঠিন হবে না, বিশ্বাস সহকারি নাসিরের।
“অধিনায়কের কাজ কঠিন হবে না। সবাই তো জাতীয় ক্রিকেটার। সবাই পরিণত, একসঙ্গে এতদিন ধরে খেলছি। আর আমার সহায়তা দরকার হলে তো আছিই।”
১৩ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। সপ্তাহ দুয়েকের সফরে খেলবে তিনটি এক দিনের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ।
