২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্ষেপ নিয়েই শেষ হাই পারফরম্যান্স প্রোগ্রাম

শেষ হয়ে গেল বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের এবারের প্রোগ্রাম। কঠোর অনুশীলনের তৃপ্তি থাকলেও কোচ ও ক্রিকেটারদের কণ্ঠে পর্যাপ্ত ম্যাচ অনুশীলন করতে না পারার আক্ষেপও আছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

গত মে মাসে ১০ লাখ ডলারের হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম চালুর ঘোষণা দেয় বিসিবি। জুনের প্রথম সপ্তাহে ২২ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল এইচপির কার্যক্রম, শেষ হলো মঙ্গলবার।

বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির ডিরেক্টর অব কোচিং পল টেরির তত্ত্বাবধানে এই পোগ্রামের প্রধান কোচ ছিলেন ম্যাল লয়।

শেষ দিনে প্রধান কোচের কণ্ঠে ছিল এই প্রোগ্রাম ও ক্রিকেটারদের নিয়ে তৃপ্তি।

“আমরা এই প্রোগ্রাম এমন ভাবে সাজিয়েছিলাম যেন টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি, সব ধরণের ক্রিকেটে খেলার শিক্ষা ছেলেরা পায়; সব কন্ডিশনে খেলা শিখতে পারে। গত কয়েক মাসে ক্রিকেটারদের প্রচেষ্টা ছিল একদম প্রথম শ্রেণির।  সবাই কঠোর পরিশ্রম করেছে। আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে ওরা। ওদের উন্নতি নিয়ে আমি সন্তুষ্ট।”

স্রেফ একটা ব্যাপারেই আক্ষেপ করলেন সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান লয়।

“একটু খারাপ লাগা আছে শেষ দিকে পর্যাপ্ত ম্যাচ খেলতে না পারায়। বগুড়ায় গিয়েছিলাম, কিন্তু কন্ডিশন ও মাঠ খেলার উপযুক্ত ছিল না। এমনিতে ক্রিকেটারদের নিয়ে আমি দারুণ খুশি।”

গত সপ্তাহে ম্যাচ অনুশীলনের জন্য বগুড়ায় গিয়েছিল এইচপি ইউনিট। কিন্তু বৃষ্টির কারণে তিনটি ম্যাচের একটিও খেলতে পারেনি। অনুশীলনও করতে পারেনি ঠিকভাবে। ইনডোরে তিনটি অনুশীলন সেশন করা সম্ভব হয়েছে আর খোলা মাঠে মাত্র একটি।

পুরো সময়টা এইচপি ইউনিটে ছিলেন উঠতি ক্রিকেটার মাহমুদুল হাসান। ম্যাচ অনুশীলনের আক্ষেপ ঝরল এই অলরাউন্ডারের কণ্ঠেও।

“এমনিতে ট্রেনিং আমাদের খুব ভালো হয়েছে। অনেক কিছু শিখেছি আমরা। কিন্তু আরও কিছু ম্যাচ খেলতে পারলে ভালো হতো। ম্যাচে দেখা যেত, যেসব শিখলাম, সেসব আমরা কতটা কাজে লাগাতে পারছি।”

প্রধান কোচের আশা, ম্যাচ অনুশীলন না হলেও আসছে ঘরোয়া মৌসুমেই ফুটে উঠবে এইচপির ক্রিকেটারদের উন্নতিটা।

“ক্রিকেটাররা নিজেরাই অনুভব করছে যে, তারা অনেক উন্নতি করছে। আমরা তেমন বার্তাই পেয়েছি ওদের কাছ থেকে। সামনে জাতীয় লিগ আছে, আশা করি আমাদের প্রচেষ্টার ফল ওখানে দেখতে পাওয়া যাবে।”

ক্রিকেটারদের উন্নতির কথাটা বললেন এইচপির ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মাহুমুদুল হাসানও।

“সবার ফিটনেস এখন দারুণ। শারীরিক সক্ষমতা অনেক বেড়েছে। টেকনিক্যালিও সবাই আগের চেয়ে অনেক ভালো হয়েছে এখন। আমদের কোচরা সবাই খুবই পেশাদার, কাজ নিয়ে ছিলেন সচেতন। হেড কোচ ম্যাল লয় ছোট ছোট অনেক কিছু নিয়ে কাজ করেছেন, যেগুলো দারুণ কাজে দেবে।”

ম্যাল লয়ের আশা, এইচপির ক্রিকেটাররা নিকট ভবিষ্যতেই জাতীয় দলে জায়গার জোর দাবী জানাবে।

“একটি জায়গার জন্য অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকলে সুস্থ্য একটি প্রতিযোগিতা গড়ে ওঠে। দলে থাকা ক্রিকেটাররা তাতে আত্মতুষ্টির জায়গাটা থেকেও বের হয়ে আসে। আশা করছি, এইচপির ক্রিকেটাররা জাতীয় দলের ক্রিকেটারদের সেই প্রতিদ্বন্দ্বিতার আঁচ দিতে পারবে।”

আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরে যাবেন লয়্। সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যানের আশা, আগামী বছর আবার এইচপি ইউনিটের দায়িত্ব পেয়ে ফিরতে পারবেন বাংলাদেশে!