নাসির, সাব্বির, সৌম্যরা থাকতে পারেন ‘এ’ দলে
ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য সরকার, নাসির হোসেন, সাব্বির রহমান, রনি তালুকদাররা থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
ভারত সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল গড়ার কাজটি রোববারই সেরে ফেলেছে বিসিবির নির্বাচক কমিটি। দল জমাও দেওয়া হয়েছে বোর্ডে। বিসিবি প্রধানের অনুমোদনের আনুষ্ঠানিকতার পর দু-এক দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে দল।
নির্বাচক কমিটির অন্যতম সদস্য হাবিবুল বাশার শনিবারই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, জাতীয় দলের বেশ কজন থাকবেন ‘এ’ দলে। রোববার দলের সম্ভাব্য চেহারা আরেকটু খোলাসা করলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
“আমরা ভেবেছি জাতীয় দলের কিছু ছেলেকে এখানে সুযোগ দেওয়া প্রয়োজন। এই দলের সৌম্য, নাসির, সাব্বির সেভাবে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলতে পারেনি। ওদের এই অভিজ্ঞতার দরকার আছে। রনি তালুকদারকে নিয়েছিলাম আমরা জাতীয় দলে, কিন্তু সেভাবে খেলার সুযোগ পায়নি। বিজয় (এনামুল হক) চেষ্টা করছে দলে ফেরার। এসব মাথায় রেখেই আমরা দল সাজিয়েছি।”
তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দুটি তিনদিনের ম্যাচ খেলতে আগামী ১৩ সেপ্টম্বর ভারতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। একদিনের ম্যাচের সিরিজ ও একটি তিন দিনের ম্যাচে প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। আরেকটি তিন দিনের ম্যাচে প্রতিপক্ষ বর্তমান রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটক।
দুই সংস্করণে খেলা হলেও একটি দলই পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেন ফারুক, “একটি দলই দিচ্ছি আমরা, ১৫ জনের। ১৫ জনের মধ্যেই দুই সংস্করণের উপযোগী ক্রিকেটারদের সমন্বয় করা হয়েছে। আর স্ট্যান্ড বাই থাকছে ২-৩ জন।”
দলে নতুন ২-১ জন ক্রিকেটারও থাকছেন বলে জানালেন প্রধান নির্বাচক।
