২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে অনিশ্চিত ওয়ার্নার

বাংলাদেশ সফরে নাও আসতে পারেন ডেভিড ওয়ার্নার। আঙুলের চোটের কারণে ছয় সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী এই ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 01:09 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

ইংল্যান্ডের বিপক্ষে শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার সময় আঙুলে চোট পান ওয়ার্নার। স্টিভেন ফিনের করা ম্যাচের দ্বিতীয় বলটিতে একটু বাড়তি বাউন্স ছিল। সেটি খেলতে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। 
 
এরপর আর মাঠেই নামতে পারেননি। পরে এক্স-রে করার পর দেখা যায়, ওয়ার্নারের বাঁহাতের বুড়ো আঙুলে সূক্ষ্ম চিড় ধরেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে তার ফিট হওয়া অনিশ্চিত।
বাংলাদেশে-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ অক্টোবর। ওয়ার্নারের প্রথম টেস্ট খেলা অনিশ্চিত তো বটেই, ছয় সপ্তাহ সময় লাগলে খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টও।
 
শনিবার আঙুলে আঘাত পাওয়ার পর অবশ্য ব্যথানাশক ওষুধ খেয়ে নেটে ব্যাটিং করেছিলেন ওয়ার্নার। প্রয়োজন হলে ব্যাটিংয়ে নামতেনও। তবে সেটির প্রয়োজন হয়নি। টানা দ্বিতীয় ম্যাচে তিনশ ছাড়ানো স্কোর গড়ে অস্ট্রেলিয়া জিতেছে ৬৪ রানে। 
ওয়ার্নারের জন্য ম্যাচ শেষে হতাশা ছিল অধিনায়ক স্টিভেন স্মিথের কণ্ঠে।
“এখনও শতভাগ নিশ্চিত নই, প্রথম টেস্ট থেকে সে ছিটকে পড়েছে কিনা, তবে ওর বুড়ো আঙুলে সূক্ষ্ম চিড় ধরেছে। আজ ওকে এভাবে হারানো ছিল হতাশাজনক।”
 
অস্ট্রেলিয়ার সবশেষ ২৪ টেস্টের সবকটি খেলেছেন ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে তিনি শেষ পর্যন্ত না থাকলে দুজন নতুন উদ্বোধনী ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে অস্ট্রেলিয়াকে। সদ্য সমাপ্ত অ্যাশেজ দিয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস রজার্স। তার জায়গা নেওয়ার লড়াইয়ে ছিলেন জো বার্নস ও ক্যামেরন ব্যানক্রফট। ওয়ার্নার না খেললে হয়ত দুজনেই সুযোগ পাবেন।
 
ওয়ার্নারের চোটে আপাতত ভাগ্য খুলেছে অ্যারন ফিঞ্চের। ওয়ার্নারের জায়গায় ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দলে তাকেই ডেকেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।