বিদায়ী ইনিংসে সাঙ্গার নতুন মাইলফলক
ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ইনিংসেও দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারা। ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২৮ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।
ক্যারিয়ারের শেষ ইনিংসে রোববার মাত্র ১৮ রান করেই আউট হন সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের পথচলায় রানের জোয়ার বইয়ে দিয়েছেন, শেষের এই ছোট্ট ঢেউই সেটিকে নিয়ে গেছে নতুন এক মোহনায়।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলফলকের দেখা আগে পেয়েছেন কেবল শচীন টেন্ডুলকারই। ভারতের সাবেক এই ব্যাটসম্যান অনেকটা এগিয়ে থেকেই শীর্ষে। তিন সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ৩৫৭ রান করেন এই কিংবদন্তি। সাঙ্গাকারার রান ২৮ হাজার ১৬।
১২ হাজার ৪০০ রান নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন সাঙ্গাকারা। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে গত বিশ্বকাপ শেষে বিদায় বলেছিলেন ওয়ানডেকে। এই সংস্করণে তার রান ১৪ হাজার ২৩৪। আর টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন বাংলাদেশে অনুষ্ঠিত গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা জিতে। ক্রিকেটের সংক্ষিপ্ততর এই সংস্করণে তার রান ১ হাজার ৩৮২।
এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক রান এখন ক্রিস গেইলের, ১৭ হাজার ৮৪১। অবশ্য আরেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল (২০ হাজার ৯৮৮ রান) এখনও আনুষ্ঠানিক অবসর নেননি। তবে অভাবনীয় কিছু না হলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই ধরে নেওয়া যায়।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান
ব্যাটসম্যান | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | ১০০/৫০ | শূন্য |
শচীন টেন্ডুলকার | ৬৬৪ | ৭৮২ | ৩৪,৩৫৭ | ২৪৮* | ৪৮.৫২ | ১০০/১৬৪ | ৩৪ |
কুমার সাঙ্গাকারা | ৫৯৪ | ৬৬৬ | ২৮,০১৬ | ৩১৯ | ৪৬.৭৭ | ৬৩/১৫৩ | ২৮ |
রিকি পন্টিং | ৫৬০ | ৬৬৮ | ২৭,৪৮৩ | ২৫৭ | ৪৫.৯৫ | ৭১/১৪৬ | ৩৯ |
মাহেলা জয়াবর্ধনে | ৬৫২ | ৭২৫ | ২৫,৯৫৭ | ৩৭৪ | ৩৯.১৫ | ৫৪/১৩৬ | ৪৭ |
জ্যাক ক্যালিস | ৫১৯ | ৬১৭ | ২৫,৫৩৪ | ২২৪ | ৪৯.১০ | ৬২/১৪৯ | ৩৩ |
রাহুল দ্রাবিড় | ৫০৯ | ৬০৫ | ২৪,২০৮ | ২৭০ | ৪৫.৪১ | ৪৮/১৪৬ | ২১ |
ব্রায়ান লারা | ৪৩০ | ৫২১ | ২২,৩৫৮ | ৪০০* | ৪৬.২৮ | ৫৩/১১১ | ৩৩ |
সনাৎ জয়াসুরিয়া | ৫৮৬ | ৬৫১ | ২১,০৩২ | ৩৪০ | ৩৪.১৪ | ৪২/১০৩ | ৫৩ |
শিবনারায়ণ চন্দরপল | ৪৫৪ | ৫৫৩ | ২০,৯৮৮ | ২০৩* | ৪৫.৭২ | ৪১/১২৫ | ২১ |
ইনজামাম-উল-হক | ৪৯৯ | ৫৫১ | ২০,৫৮০ | ৩২৯ | ৪৩.৩২ | ৩৫/১২৯ | ৩৫ |
