২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহসাই ফেরা নয় বাট-আসিফদের

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও খুব দ্রুত স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে ফেরানো হবে না সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে- জানিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 10:43 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

৫ বছরের নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে এখন সালমান, আসিফ ও আমির। আগামী ২ সেপ্টেম্বর থেকে কোনো পর্যায়ের ক্রিকেটেই খেলতে আর কোনো বাধা নেই পাকিস্তানের এই নিষিদ্ধ ত্রয়ীর। আরও ৫ বছরের মুলতবী নিষেধাজ্ঞা ছিল বাটের, ২ বছরের মুলতবী নিষেধাজ্ঞা ছিল আসিফের। কিন্তু আইসিসির শর্ত পূরণ করে শিক্ষামূলক কাজে অংশ নেওয়ায় দুজনেরই স্থগিত নিষেধাজ্ঞা স্থগিতই থেকে গেছে। তাদের ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আইসিসি।

তিন জনই এর মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আবার খেলতে চান পাকিস্তানের হয়ে। তবে তাদের দ্রুত ফেরার স্বপ্ন ধাক্কা খেতে পারে প্রধান নির্বাচকের কথায়।

“ভবিষ্যতে কোনো পর্যায়ের ক্রিকেটেই তাদের ফেরা নিয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা বলতে পারছে না নির্বাচক কমিটি। কারণ ৫ বছর ক্রিকেটের বাইরে থাকার পর দু-একটি ম্যাচে ভালো পারফরম্যান্স করলেই সেটা দিয়ে তাদের বিবেচনা করা যাবে না।”

২০১০ সালের ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন এই তিন জন। প্রতারণার মামলায় ইংল্যান্ডে জেলও খাটেন তারা।

আমির অবশ্য ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন গত জানুয়ারিতেই। গত মে মাসে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি দিয়ে। ফেরার ম্যাচে প্রথম বলেই নিয়েছিলেন উইকেট। ৪ ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। পরে পায়ের চোটে আবার ছিটকে যান বাইরে।