অস্ট্রেলিয়ার বোলিং তোপে ধুঁকছে ইংল্যান্ড
স্টিভেন স্মিথের দুর্দান্ত সেঞ্চুরি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে বড় সংগ্রহ। পরে বোলারদের দারুণ বোলিংয়ে বিধ্বস্ত ইংলিশ ব্যাটিং। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৮ উইকটে ১০৭।
প্রথম ইনিংসে এখনও ৩৭৪ রানে পিছিয়ে ইংল্যান্ড। ফলো অন এড়াতেই দরকার আরও ১৭৫ রান!
ওভালের উইকেটে দ্বিতীয় দিন এমন কোনো জুজু ছিল না। রৌদ্রোজ্জ্বল দিনে উইকেট বরং অনেকটা ব্যাটিং বান্ধবই ছিল। কিন্তু অস্ট্রেলিয়ানদের দুর্দান্ত বোলিংয়ের জবাব জানা ছিল না আগের টেস্টেই অ্যাশেজ জিতে যাওয়া ইংলিশ ব্যাটসম্যানদের।
পঞ্চম ওভারেই আক্রমণে আসা অফ স্পিনার নাথান লায়ন ভাঙেন উদ্বোধনী জুটি। ২১ বলে ২২ করে বোল্ড ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক। এরপর জোড়া আঘাত হানেন আট মাস পর টেস্ট খেলতে নামা পিটার সিডল। ফিরিয়ে দেন অ্যাডাম লাইথ (১৯) ও ইয়ান বেলকে (১০)। বল হাতে পরে ভয়ঙ্কর হয়ে ওঠেন অলরাউন্ডার মিচেল মার্শও। ৯২ রানে ৮ উইকেট হারায় ইংল্যান্ড। মঈন আলি (৮*) ও মার্ক উড (৮*) কোনো রকমে পার করেন দ্বিতীয় দিনের বাকিটা সময়।
